
বাঁকুড়া: আবার হাজির দাঁতাল। ফের গভীর রাতে লোকালয়ে হানা দিল একটি দলছুট দাঁতাল। শনিবার গভীর রাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের নীরিশা গ্রামে হানা দিয়ে হাতিটি ভেঙে ফেলে একটি বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাড়িতে বসবাসকারী সদস্যরা।
জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগে হাতির দল বড়জোড়া এলাকা ছেড়ে বিষ্ণুপুর বনাঞ্চলের দিকে চলে গেলেও, এখনো বড়জোড়া এলাকায় রয়ে গেছে তিনটি দলছুট হাতি। সেই হাতিগুলিরই একটি গতকাল গভীর রাতে হানা দেয় বড়জোড়া রেঞ্জের নীরিশা এলাকায়।
লোকালয়ে প্রবেশ করে হাতিটি সমীরণ মণ্ডলেক বাড়িতে হানা দেয়। বাড়ির মাটির দেওয়াল ভেঙে হাতিটি খেয়ে ফেলে বাড়িতে মজুত করে রাখা ধান ও চাল। হাতি হানা দিয়েছে বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় চলে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। ঘটনার জেরে প্রাথমিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীরাই হাতিটিকে তাড়া করলে হাতিটি স্থানীয় জঙ্গলে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি দ্রুত ক্ষতিগ্রস্থকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুক সরকার।