Police in Bankura: সমবায় সমিতির গুদামের দরজা খুলতেই সব ‘পর্দাফাঁস’, পুলিশ যেতেই উড়ে এল ইট-পাটকেল

Samabay Samiti in Bankura: সমবায় সমিতির গুদাম থেকে স্বনির্ভর গোষ্ঠীর জন্য আসা সেলাই মেশিন, বস্তা বস্তা স্কুল পড়ুয়াদের পোশাক উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা গ্রামে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ। চাপা উত্তেজনা এলাকায়।

Police in Bankura: সমবায় সমিতির গুদামের দরজা খুলতেই সব ‘পর্দাফাঁস’, পুলিশ যেতেই উড়ে এল ইট-পাটকেল
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 27, 2026 | 1:39 PM

বাঁকুড়া: সমবায় সমিতির গুদামে মজুত করে রাখা স্বনির্ভর গোষ্ঠীর বেশ কিছু সেলাই মেশিন, স্কুল পড়ুয়াদের বস্তা বস্তা পোশাক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। চাঞ্চল্য বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা এলাকায়। পুলিশ ওই সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমবায় সমিতির গুদামের দরজা খুলে মজুত থাকা বেশ কিছু সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়ার জন্যই সরকারিভাবে এসেছিল সেলাই মেশিন-সহ বিভিন্ন সামগ্রী। অভিযোগ, গোষ্ঠীগুলিকে না দিয়ে মজুত করে রাখা হয়েছিল বাঁকুড়ার রাইপুর ব্লকের মটগোদা গ্রামে থাকা মটগোদা সবুজসাথী বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব গুদামে। দীর্ঘদিন ধরে তা নিয়ে সরবও হয়েছিলেন এলাকার বিভিন্ন স্বনির্ভর দলের সদস্যারা। কিন্তু তাঁদের অভিযোগে এতদিন কান দেয়নি পুলিশ-প্রশাসন। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই ছবিটা বদলে গিয়েছে। 

এদিন পুলিশই ওই গুদাম খুলে ৯টি সেলাই মেশিন, ১টি আলমারি, প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ৩ বস্তা পোশাক সহ মজুত থাকা বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে গেলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে আচমকা একদল যুবক ইট পাটকেল ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। এরপরই পুলিশ এলাকা থেকে যুবকদের হটিয়ে দিয়ে সমবায়ের গুদাম খুলে সামগ্রীগুলি উদ্ধার করে রাইপুর থানায় নিয়ে যায়। স্বনির্ভর দলগুলির দাবি, সংঘের কর্মকর্তা বর্নালী দে অবৈধ ভাবে সংঘ সমবায় সমিতি গঠন করে স্বনির্ভর দলগুলির সদস্যদের বঞ্চিত করে গিয়েছেন। একইসঙ্গে স্বনির্ভর দলগুলির কোটি কোটি টাকা আত্মসাৎও করেছেন বলে অভিযোগ। সে কারণেই তাঁর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্বনির্ভর দলের সদস্যরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বর্নালী দে। তাঁর দাবি স্বনির্ভর দলগুলিকে দেওয়ার জন্য ওগুলো আসেনি। তিনি বলছেন, সম্প্রতি ব্লক প্রশাসনের নির্দেশে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যেশ্যে ভাড়া করে বেশ কিছু সেলাই মেশিন আনা হয়েছিল সমবায়ের দফতরে। 

Follow Us