
বাঁকুড়া: রাজ্যের শিল্পক্ষেত্রে এক বিশাল জোয়ার এনে শ্যাম স্টিল এ রাজ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই বিপুল বিনিয়োগের একটি বড় অংশ খরচ করা হবে বাঁকুড়ার মেজিয়ায় অবস্থিত শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণের কাজে। কারখানা সম্প্রসারণের এই শিলান্যাস করতে শুক্রবার বাঁকুড়ায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, পূর্ত দফতরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার এবং পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। জানা গিয়েছে, শুক্রবার দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা হেলিকপ্টারে করে বাঁকুড়ার মেজিয়ায় পৌঁছাবেন।
বিনিয়োগের পরিমাণ: প্রায় ১৫,০০০ কোটি টাকা।
মূল কেন্দ্র: বাঁকুড়ার মেজিয়ায় অবস্থিত শ্যাম স্টিল কারখানার পরিকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ।
শিল্পের দিক থেকে পিছিয়ে থাকা এবং খরাপ্রবণ জেলা হিসেবে পরিচিত বাঁকুড়ার মেজিয়ায় এই প্রকল্পের ফলে নতুন অর্থনৈতিক দিগন্ত খুলে যাবে। স্থানীয় বিধায়ক চন্দনা বাউরির দাবি, এই মেগা প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় কর্মসংস্থানের এক অভূতপূর্ব জোয়ার আসবে।
বেসরকারি এই কারখানার সম্প্রসারণ সম্পূর্ণ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর এই নতুন কর্মসংস্থানের আশায় এখন বুক বাঁধছেন বাঁকুড়ার সাধারণ মানুষ ও বেকার যুবকরা।