
বাঁকুড়া: বাঁকুড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূলেরই ১৬ জন কাউন্সিলর। উপ পুরপ্রধান-সহ মোট ১৬ জন তৃণমূল কাউন্সিলর জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে নিজেদের অনাস্থা জমা দেন। বাঁকুড়া পুরসভায় ২৪ জন কাউন্সিলারের মধ্যে ২১ জন তৃণমূলের। পুরসভায় ৩ জন নির্দল কাউন্সিলর থাকলেও তাঁদের মধ্যে ২ জন পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। এতদিন এই পুরসভায় পুরপ্রধান পদে আছেন অলকা সেন মজুমদার।
পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব এনে বাঁকুড়ার জেলা শাসকের দ্বারস্থ হন উপ পুরপ্রধান সহ তৃণমূলেরই ১৬ জন কাউন্সিলর। বিক্ষুব্ধ কাউন্সিলরদের দাবি, রাজ্যে পালাবদলের পর থেকেই পুরপ্রধান বিজেপির অঙ্গুলিহেলনে চালিত হচ্ছেন। পুরসভার বিগত বোর্ড মিটিংয়ে তিনি অন্যান্য কাউন্সিলরদেরও বিজেপির কথামতো এলাকায় কাজ করার পরামর্শ দেন।
পুরপ্রধানের এই এক নায়কতন্ত্র ও বিজেপির সঙ্গে যোগসাজস তাঁরা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। পুরপ্রধান বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। তাঁর দাবি এই বিষয়ে তিনি কিছুই জানেন না।