Doctor Recruitment: চিকিৎসক নিয়োগেও ব্যাপক বেনিয়ম? স্বাস্থ্য সচিবের দ্বারস্থ সার্ভিস ডক্টর্স ফোরাম

Doctor Recruitment in Bengal: কাউন্সেলিং না করে সদ্য নিযুক্ত সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ও মেডিক্যাল অফিসারদের ইচ্ছেমতো পোস্টিং দেওয়ার অভিযোগ, দু'ক্ষেত্রেই ব্যপক বেনিয়মের আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য সচিবের দ্বারস্থ চিকিৎসক সংগঠন। অবিলম্বে এই বেনিয়ম বন্ধ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সার্ভিস ডক্টর্স ফোরামের রাজ্য নেতৃত্ব।

Doctor Recruitment: চিকিৎসক নিয়োগেও ব্যাপক বেনিয়ম? স্বাস্থ্য সচিবের দ্বারস্থ সার্ভিস ডক্টর্স ফোরাম
চাপানউতোর চলছেই Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 06, 2026 | 3:47 PM

বাঁকুড়া: শিক্ষক নিয়োগের পর এবার রাজ্যে চিকিৎসক নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠল। নিয়ম অনুযায়ী কাউন্সেলিং না করে সদ্য নিযুক্ত সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ও মেডিক্যাল অফিসারদের মোতায়েন করা হচ্ছে বলে অভিযোগ। এক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে খোদ স্বাস্থ্য সচিবের দ্বারস্থ হল চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম। 

রাজ্যে সম্প্রতি ১২০০ জন মেডিক্যাল অফিসার ও ৯৩০ জন রেসিডেন্ট ডাক্তার নিয়োগ করে রাজ্যের স্বাস্থ্য দফতর। একদিন আগেই সদ্য নিযুক্ত সেই চিকিৎসকদের কর্মস্থলের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। সেই তালিকা প্রকাশ হতেই চিকিৎসকদের কর্মস্থল নির্ধারণের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছে চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম। সার্ভিস ডক্টর্স ফোরামের দাবি, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের নিয়ম অনুযায়ী সিনিয়ার রেসিডেন্ট ডাক্তার নিয়োগের পর তাঁদের নিদেনপক্ষে এক বছর জেলা হাসপাতাল অথবা মেডিক্যাল কলেজে পরিষেবা দিতে হয়। তারপর তাঁদের ব্লক, মহকুমা ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা যায়। 

অভিযোগ, এ ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি। নিয়োগের পরেই ইচ্ছেমতো সিনিয়ার রেসিডেন্ট চিকিৎসকদের বিভিন্ন ব্লক ও মহকুমা স্তরের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতদিন সিনিয়ার রেসিডেন্ট চিকিৎসক ও মেডিক্যাল অফিসারদের কর্মস্থল নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা রাখার জন্য স্বাস্থ্য দফতর যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতো এবার তাও করা হয়নি। অবিলম্বে এই বেনিয়ম বন্ধ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সার্ভিস ডক্টর্স ফোরামের রাজ্য নেতৃত্ব। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সার্ভিস ডক্টর্স ফোরামের রাজ্য সম্পাদক সজল বিশ্বাস।