
কলকাতা: দেশের পণ্যের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস (BIS)। এবার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME)-এর মধ্যে গুণগত মান ও পণ্য যাচাই, পরীক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে বীরভূমের বোলপুরে একটি বিশেষ কর্মশালার আয়োজন করল বিআইএস (BIS)।
উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবিতরণ মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর কলকাতা শাখা কার্যালয় এবং এমএসএমই (MSME) ডেভেলপমেন্ট অ্যান্ড ফেসিলিটেশন অফিস (MSME-DFO), দুর্গাপুর-এর যৌথ উদ্যোগে গত ৩ জুলাই বোলপুরের গীতাঞ্জলি কালচারাল কমপ্লেক্সে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মশালার মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি (MSME) শিল্পগুলিকে BIS-এর মান নির্ধারণ, পণ্য সার্টিফিকেশন (Certification) এবং গুণগত মান বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করা। পাশাপাশি বিআইএস (BIS)-এর সার্টিফিকেশন পেলে কীভাবে পণ্যের মান উন্নত হয়, ক্রেতাদের আস্থা বাড়ে এবং বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও, এমএসএমই ক্লাস্টারের কমন ফেসিলিটি সেন্টার (CFC)-এ পরীক্ষাগার গড়ে তুলতে বিআইএস (BIS)-এর আর্থিক সহায়তা প্রকল্প সম্পর্কেও শিল্পোদ্যোগীদের জানানো হয়। এর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলি নিজেদের পণ্যের মান পরীক্ষা ও গুণগত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারবে।
কর্মসূচিতে উপস্থিত উদ্যোক্তা, উৎপাদক ও শিল্প প্রতিনিধিরা বিআইএস এবং এমএসএমই মন্ত্রকের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ পান। মান নির্ধারণ, পণ্য যাচাই, পরীক্ষা ব্যবস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সহায়তা প্রকল্প নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট আধিকারিকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএস-র ডেপুটি ডিরেক্টর জেনারেল (ল্যাবরেটরিজ) নিশাত সুলতানা হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিআইএসের ডেপুটি ডিরেক্টর জেনারেল (ইস্টার্ন রিজিওনাল অফিস) ড. মীনাক্ষী গণেশন, বীরভূমের অতিরিক্ত জেলাশাসক শুভম আগরওয়াল (IAS), বোলপুরের মহকুমাশাসক (SDO) অনিমেষ কান্তি মান্না, MSME-DFO-র কলকাতা ডিরেক্টর প্রদীপ কুমার দাস। এছাড়াও বিআইএস, এমএসএমই এবং জেলা শিল্প কেন্দ্রের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
কর্মশালায় BIS-এর বিভিন্ন প্রকল্প, ক্লাস্টার পরীক্ষাগারের স্বীকৃতি এবং এমএসএমই-দের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দিতে একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়েছিল।
বীরভূম এবং আশপাশের জেলার বহু এমএসএমই উদ্যোক্তা, শিল্প সংগঠন এবং ক্লাস্টার প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। বিআইএস (BIS)-এর মতে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিল্পক্ষেত্রে গুণগত মান বজায় রাখা, মান প্রণয়ন এবং শিল্পোন্নয়নের প্রতি সচেতনতা আরও বৃদ্ধি পাবে।