
দিনহাটা: তৃণমূলের (Trinamool Congress) আন্দোলনে অনেক নেতা-নেত্রী অংশ নেননি কর্মীরা। নিজের ফেসবুক পেজে এমনটাই দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। ফেসবুক পোস্ট করে অনুপস্থিত নেতাদের নামও লিখে দিয়েছেন। তাঁর এই পোস্ট নিয়েই শোরগোল চলছে জেলার রাজনৈতিক মহলে।
খুনের মামলায় নিশীথের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানার সামনে এদিন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই মামলাতেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ। কিন্তু, তার আবেদন খারিজ হয়ে গিয়েছে। এদিনের কর্মসূচিতে দলের চেয়ারম্যান গীরিন্দ্র নাথ বর্মণ , দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অনেকেই অংশ নেন। ছিলেন উদয়ন স্বয়ং। চাঁচাছোলা ভাষায় এদিন পুলিশকে আক্রমণ করেন মন্ত্রী। নিশীথের বাড়িতে অভিযান চালানো হলে বেআইনি অস্ত্র, টাকা উদ্ধার হবে বলেও দাবি করেন তিনি। তা না হলে মন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, দিনহাটা থানার আইসি টাকার জন্য ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে অভিযান চালায় না। এদিন এ ভাষাতেই দিনহাটা থানার আইসি সুরজ থাপাকে নজিরবিহীনভাবে আক্রমণ শানান উদয়ন।
এই পোস্ট ঘিরেই শোরগোল
তবে কর্মসূচি শেষে রাতে তার ফেসবুক পোস্টে জানান কোন কোন নেতা আজকের কর্মসূচিতে অংশ নেননি। তার ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে শাসকদলের দিনহাটার অনেক বড় নেতাই এদিন অনুপস্থিত ছিলেন। তা নিয়ে চাপানউতর চলছে রাজনৈতিক মহলে। এ নিয়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দলের অন্দরেও। এই সুযোগে বিজেপির নেতারা কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপি নেতা উজ্জ্বল কান্তি বসাক ফেসবুকে কমেন্টেই দেন খোঁচা। লেখেন, পিছনে তাকিয়ে দেখুন কেউ নেই।