Central Force: আচমকা অসুস্থ সেন্ট্রাল ফোর্সের ২৪ জওয়ান, ভরসন্ধ্যায় ছড়াল আতঙ্ক

নির্বাচনে ডিউটির কারণে তলিগুড়ি হাইস্কুলে অস্থায়ী ক্যাম্প করে থাকছিলেন ওই জওয়ানরা। হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর, বুধবারের খাবার খাওয়ার পর থেকেই একাধিক জওয়ান পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন।

Central Force: আচমকা অসুস্থ সেন্ট্রাল ফোর্সের ২৪ জওয়ান, ভরসন্ধ্যায় ছড়াল আতঙ্ক
হাসপাতলে ভর্তি একাধিক জওয়ানImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 15, 2026 | 11:31 PM

তুফানগঞ্জ: হঠাৎ অসুস্থ ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভর্তি করা হল হাসপাতালে। পশ্চিমবঙ্গে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। বুধবার সন্ধ্যায় কোচবিহারের তুফানগঞ্জে আচমকাই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন জওয়ানরা।

কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার তলিগুড়ি হাইস্কুলে থাকছেন তাঁরা। সেখানেই আচমকা আইটিবিপি (ITBP) জওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাঁদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

নির্বাচনে ডিউটির কারণে তলিগুড়ি হাইস্কুলে অস্থায়ী ক্যাম্প করে থাকছিলেন ওই জওয়ানরা। হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর, বুধবারের খাবার খাওয়ার পর থেকেই একাধিক জওয়ান পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে অসুস্থ জওয়ানের সংখ্যা বাড়তে থাকে স্কুল চত্বরে।

ঘটনা জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। অসুস্থ ২৪ জন জওয়ানকেই তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৪ জন জওয়ান এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ‘ফুড পয়জনিং’ বা খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই বিপত্তি। ঠিক কোন খাবার থেকে এমনটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। জওয়ানরা যে পানীয় জল বা খাবার খেয়েছিলেন, তার মান পরীক্ষা করা হতে পারে।

নির্বাচনের প্রাক্কালে একসঙ্গে এতজন জওয়ানের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের অন্দরে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে জওয়ানদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Follow Us