Missing TMC Leader Found: ‘নিখোঁজ’ তৃণমূল নেতাকে পাম্প হাউস থেকে টেনে বের করে গণপিটুনি

Accused TMC Leader: ভোট পরবর্তী সন্ত্রাসের আবহে বেশ কিছুদিন ধরেই বেপাত্তা ছিলেন ওই তৃণমূল নেতা। রবিবার হন্যে হয়ে খোঁজার পর তাঁরই বাড়ির সংলগ্ন টাটেরকুঠি এলাকায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি পানীয় জলের পাম্প হাউসের ভেতর থেকে তাঁকে খুঁজে বের করেন স্থানীয় বাসিন্দারা।

Missing TMC Leader Found: ‘নিখোঁজ’ তৃণমূল নেতাকে পাম্প হাউস থেকে টেনে বের করে গণপিটুনি
তৃণমূল নেতাকে 'গণপিটুনি'Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 21, 2026 | 5:00 PM

কোচবিহার: দেড় মাস পর উদ্ধার! ‘নিখোঁজ’ তৃণমূল নেতাকে পাম্প হাউস থেকে টেনে বের করে গণপিটুনি জনতার।  ভোট পরবর্তী হিংসার অভিযোগে গত দেড় মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে রবিবার ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়লেন কোচবিহার জেলার বক্সিরহাটের সেই অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর সন্ধান মেলা মাত্রই শুরু হয় গণরোষ। উত্তেজিত জনতা তাঁকে টেনে-হিঁচড়ে বের করে গণধোলাই দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি -২ গ্রাম পঞ্চায়েতের বাকলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী সন্ত্রাসের আবহে বেশ কিছুদিন ধরেই বেপাত্তা ছিলেন ওই তৃণমূল নেতা। রবিবার হন্যে হয়ে খোঁজার পর তাঁরই বাড়ির সংলগ্ন টাটেরকুঠি এলাকায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি পানীয় জলের পাম্প হাউসের ভেতর থেকে তাঁকে খুঁজে বের করেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, ওই নেতাকে দেখতে পেয়েই ক্ষুব্ধ জনতা পাম্প হাউস থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে। এরপরই শুরু হয় গণপিটুনি। মাটিতে ফেলে উত্তেজিত বাসিন্দারা যে যাঁর মতো করে তাঁকে মারধর করতে শুরু করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে জখম অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Follow Us