Balurghat: চোখে দৃষ্টি নেই বাবা-ছেলের! কাটমানি না দিলে ঘর তৈরি করতে পারছেন না, অভিযোগ বালুরঘাটে

এই গ্রামের স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন (৪৮) ও তাঁর ছেলে সোহেব আক্তার দুজনেই দৃষ্টিহীন। জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন মোবারক। রান্নাঘরের একাংশ ভেঙে পড়েছে, অকেজো শৌচাগারও। বর্ষায় দুর্ভোগ আরও বেড়েছে। পরিবারটির আর্থিক পরিস্থিতি বিবেচনা করে হরিরামপুর ব্লক প্রশাসনের তরফে বিধানসভা নির্বাচনের আগে সরকারি আবাস যোজনায় ঘর বরাদ্দ করা হয়।

Balurghat: চোখে দৃষ্টি নেই বাবা-ছেলের! কাটমানি না দিলে ঘর তৈরি করতে পারছেন না, অভিযোগ বালুরঘাটে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 20, 2026 | 7:14 AM

বালুরঘাট: আবাস যোজনায় ঘর বরাদ্দ পেয়েও তা তৈরি করতে পারছেন না দৃষ্টিহীন বাবা ও ছেলে। অভিযোগ, ঘর তৈরির জন্য তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন তাঁদেরই এক নিকট আত্মীয় তথা তৃণমূল নেতা। টাকা দিতে না পারায় গত ছয় মাস ধরে নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী কাজ শুরু করতে গেলেও শ্রমিকদের তাড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের মারধরেরও অভিযোগ উঠেছে। হরিরামপুর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

পুলিশ এই নিয়ে যথাযথ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ জানিয়ে বিচার পেতে বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন দৃষ্টিহীন বাবা ও ছেলে। অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

চাঞ্চল্যকর ঘটনটি ঘটেছে হরিরামপুর থানার বোড়া গ্রামে। এই গ্রামের স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন (৪৮) ও তাঁর ছেলে সোহেব আক্তার দুজনেই দৃষ্টিহীন। জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন মোবারক। রান্নাঘরের একাংশ ভেঙে পড়েছে, অকেজো শৌচাগারও। বর্ষায় দুর্ভোগ আরও বেড়েছে। পরিবারটির আর্থিক পরিস্থিতি বিবেচনা করে হরিরামপুর ব্লক প্রশাসনের তরফে বিধানসভা নির্বাচনের আগে সরকারি আবাস যোজনায় ঘর বরাদ্দ করা হয়। সেই সময় ঘরের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাঁরা।

অভিযোগ, সরকারি ঘরের নির্মাণ কাজ শুরু করলেই শ্রমিকদের ভয় দেখানো হচ্ছে। এমনকী তাঁদের মারধর করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত ও পুলিশের মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হলেও সমাধান হয়নি। এদিন আত্মীয়দের সাহায্যে বালুরঘাটে এসে পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগ জানান তাঁরা। এদিকে দৃষ্টিহীন পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা শুভাশিস পাল।

অন্যদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

Loading...
Unable to load recommendations.
Follow Us