
কুশমন্ডি: ফের গোরু পাচার (cow smuggling) রুখল কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। শনিবার দুপুরে কুশমন্ডির উত্তর করঞ্জি হাটখোলা বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়ের তৎপরতায় চারটি গোরুবোঝাই একটি মোটর ভ্যান আটক করে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মুজাফফর রহমান (৪১) ও মিজানুর আলম (৩৪)। তাঁদের বাড়ি কুশমন্ডির ঢোলকুড়ি ও শিবকৃষ্ণপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ডালিমগাঁও থেকে চারটি গোরু নিয়ে দক্ষিণ দিনাজপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। উত্তর করঞ্জি হাটখোলা এলাকায় গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। সেই সময় বিধায়ক সেটিকে দাঁড় করান। এরপর তিনি কুশমণ্ডি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি সহ দুজনকে আটক করে এবং চারটি গোরু উদ্ধার করে। গোরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনও পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
তাপস চন্দ্র রায় বলেন, “চার তারিখ দুর্ঘটনায় একটা বাচ্চা মারা যায়।আমরা তাদের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। সেই সময় গরুবোঝাই একটি পিকআপ ভ্য়ান দেখতে পাই। গরু কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করি মালিককে। কিন্তু উনি ঠিকঠাক কোনও উত্তর দিতে পারেননি। পরবর্তীকালে আমরা জানতে পারি উনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। সব বৈধ থাকলে কেন বেআইনি রাস্তা দিয়ে গরু বোঝাই গাড়ি যাচ্ছিল?”