
গঙ্গারামপুর: কুরিয়ারে আসা পার্সেল নির্ধারিত সময়ে হাতে পৌঁছনোয়নি। এরপর সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার টোল ফ্রি নম্বরে ফোন করেছিলেন গঙ্গারামপুরের এক যুবক। অভিযোগ, সেই ফোন কাটার পরই সাইবার প্রতারণার ফাঁদে পড়ে যুবক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুই ধাপে প্রায় ২৪ হাজার টাকা উধাও হয়ে যায়। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এনিয়ে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ওই যুবক।
জানা গিয়েছে, গঙ্গারামপুর পুরসভার শিববাড়ি এলাকার বাসিন্দা অজয় হাঁসদা। ব্যবসার কাজে নিয়মিত শিলিগুড়ি থেকে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন সামগ্রী আনিয়ে থাকেন। কয়েকদিন আগে তিনি শিলিগুড়ির একটি দোকান থেকে কিছু পণ্য অর্ডার করেন। দোকান কর্তৃপক্ষ কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে তা তাঁর হাতে পৌঁছায়নি। অভিযোগ, পার্সেলের বর্তমান অবস্থান জানতে তিনি কুরিয়ার সংস্থার ট্র্যাকিং পরিষেবায় যোগাযোগ করলেও সন্তোষজনক তথ্য পাননি।
এরপর সংস্থার টোল-ফ্রি নম্বরে ফোন করেন। অপর প্রান্ত থেকে এক ব্যক্তি জানান, পার্সেল দ্রুত ডেলিভারি করতে হলে প্রথমে একটি নির্দিষ্ট মোবাইল নম্বরে ২ টাকা পাঠাতে হবে। সেই মত ২ টাকা পাঠানোর পর প্রতারণার শিকার হন ওই যুবক৷ অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।