
শিলিগুড়ি: দায়িত্ব নিয়েই রাজ্যে পর্যটনের প্রসারে জোর শঙ্কর ঘোষের। এদিন শিলিগুড়িতে উত্তরবঙ্গের পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকে বসেন পর্যটন মন্ত্রী। নানা বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা চলে বলে খবর। অন্যদিকে মন্ত্রীর কাছে এক গুচ্ছ অভিযোগও তুলে ধরেন ব্যবসায়ীরা। সিংহভাগ অভিযোগ আগের সরকারের আমলে চলা কাজ নিয়ে। সব অভিযোগই মন দিয়ে শুনে দ্রুত সমস্যা সমাধানেরও আশ্বাস দেন শঙ্কর।
শঙ্কর ঘোষ বলেন, “পর্যটন ব্যবসায়ীদের চাহিদা এবং সমস্যার কথা জানতেই ওনাদের সঙ্গে আলোচনায় বসেছি। এ রাজ্যের পর্যটনের প্রসারে আগামী দিনে একটি অ্যাপ্লিকেশন আনবে রাজ্য পর্যটন দফতর। পাশাপাশি দেশজুড়ে রাজ্যের পর্যটনের প্রসারে প্রচার চালানো হবে। দেশের এবং বিদেশের যে পর্যটক রাজ্যে আসবেন তাঁদের স্বাচ্ছন্দ্য দেখবে রাজ্য পর্যটন দফতর।” সোজা কথায়, গোটা দেশ তো বটেই আগামীতে গোটা বিশ্বের আঙিনাতেও বাংলার পর্যটনের জন্য যে একটা পাকা জায়গা তৈরি করতে বদ্ধপরিকর বাংলার পর্যটন মন্ত্রী, এদিনই তাই একবার জোর দিয়ে বলেন।
অন্যদিকে এদিন বৈঠকে আসা পর্যটন ব্যবসায়ীদের অনেকেই নানাবিধ অভিযোগ করেন। তাঁদের দাবি, এর আগে পর্যটনকে শিল্প বলা হলেও বাস্তবে হোটেল-সহ এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা সরকারি ভর্তুকি পেতেন না। পর্যটনের পরিকাঠামো উন্নয়নে দ্রুত এই শিল্পের ক্ষেত্রেও ব্যবসায়ীদের বিদ্যুৎ-সহ বিভিন্ন সাবসিডি ঘোষণা করুক সরকার। পাশাপাশি নির্দিষ্ট পলিসি ঘোষণা করারও দাবি জানান হোটেল ওনার্স আসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ। একইসঙ্গে উত্তরবঙ্গের পর্যটনের প্রসারে বিশেষ করে শিলিগুড়িতে মহানন্দার ঘাট সংস্কার এবং সেখানে বারানসির ধাঁচে আরতির মতো পরিকাঠামো তৈরির দাবিও উঠেছে।