
দেবব্রত মণ্ডলের রিপোর্ট
বাসন্তী: সন্দেশখালি ও বাসন্তীতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) লাগাতার অভিযান। যার জেরে ফের উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ। গত শনিবারের পর, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত ধৃত রমজান মোল্লাকে সঙ্গে নিয়ে নতুন করে তল্লাশি চালান তদন্তকারীরা। আর তাতেই উদ্ধার হয় ১২টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড গুলি।
STF সূত্রে খবর, বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়েরো মোল্লার স্বামী রমজান মোল্লাই এই অস্ত্র কারবারের মূল চক্রী। তিনি শেখ শাহজাহানের অন্যতম সাগরেদ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও দাবি এসটিএফের।ধৃতকে জেরার পর বাসন্তী থানার গাববুনিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার হয়।
অন্যদিকে, চড়াবিদ্যায় রমজানের বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে মেলে আরও ৫টি বন্দুক। সূত্রে খবর জেরায় রমজান স্বীকার করেছে, পুকুর থেকে উদ্ধার হওয়া অস্ত্র শওকত মোল্লার অনুগামীরা তার কাছে রাখতে দিয়েছিল। সরবেরিয়া, সন্দেশখালি, বাসন্তী ও জীবনতলা জুড়ে রমজানের নেতৃত্বেই এই অস্ত্রের নেটওয়ার্ক চলত বলে দাবি পুলিশের। এলাকায় আরও অস্ত্র মজুত রয়েছে কি না, তা জানতে রমজানকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান জারি রেখেছে এসটিএফ।