Bengal Cricketer Promise of Marriage Case: বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

Hooghly Cricketer Relationship Fraud Allegation: তরুণীর দাবি, সাড়ে তিন বছর ধরে ওই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। তাঁরা বিয়ে করবেন বলে ঠিক ছিল। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি।

Bengal Cricketer Promise of Marriage Case: বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ
ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ ঘিরে শোরগোলImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 23, 2026 | 8:44 PM

হুগলি: বাংলার ক্রিকেট দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। হুগলির মগরা থানায় অভিযোগ দায়ের করলেন এক তরুণী। তাঁর অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। তবে হুগলির ওই ক্রিকেটার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অসত্য বলে দাবি করেছেন। 

অভিযোগকারিণী ওই তরুণীর বাড়িও হুগলিতে। বর্তমানে কর্নাটকে ডাক্তারি পড়ছেন। মঙ্গলবার ওই তরুণী তাঁর মাকে নিয়ে মগরা থানায় আসেন। সেখানেই ওই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তরুণীর দাবি, সাড়ে তিন বছর ধরে ওই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। তাঁরা বিয়ে করবেন বলে ঠিক ছিল। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি।

এদিন তরুণী মাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে আসেন। ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং মগরা থানায় আসেন। সেখানে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরার আইসি সৌমেন বিশ্বাসের সঙ্গে আলোচনা করেন এবং কী করণীয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

যে ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে, ওই ক্রিকেটার বাংলা রণজি টিমে খেলেন। আইপিএলেও খেলেন। বর্তমানে ওই ক্রিকেটার জেলায় নেই। তিনি পরিবার নিয়ে ভিনরাজ্যে গিয়েছেন। সেখানেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁর বক্তব্য জানতে যোগাযোগ করা হয়েছিল। তবে ওই ক্রিকেটার এই মুহূর্তে এই নিয়ে কিছু বলতে চান না। তবে এদিন তিনি স্পষ্ট করে দেন, তাঁর বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে, সেটাও অসত্য। পুলিশি তদন্তে কী সামনে আসে, সেটাই এখন দেখার।  

 

Follow Us