
পাণ্ডুয়া: টুরিস্ট সেজে সুটকেসে করে গাঁজা পাচারের ছক। তবে শেষ রক্ষা হল না। ছক ভেস্তে দিল হুগলির পাণ্ডুয়া থানার পুলিশ। নাকা তল্লাশিতে ধরা পড়ল ৩ জন। উদ্ধার হয়েছে প্রায় ১২ কেজি গাঁজা এবং নগদ ৪০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পাণ্ডুয়ার খন্যান পূর্বপাড়ায় জিটি রোডে চলছিল নাকা তল্লাশি। সেই সময় একটি টোটোকে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ দাঁড় করায়। তল্লাশিতে টোটোয় থাকা ৩ জনের কাছে ছিল ২টি সুটকেস। ওই যুবকদের গতিবিধি সন্দেহজনক ঠেকায় সুটকেস দুটি খোলা হয়। তাতেই চমকে ওঠেন পুলিশকর্মীরা। সুটকেসের মধ্যে একের পর এক প্যাকেট। আর প্যাকেট খুলতেই দেখা যায়, তার মধ্যে রয়েছে গাঁজা। গ্রেফতার করা হয় তিন যুবককে।
ধৃতদের নাম চাঁদ মহম্মদ, সচিন সাউ এবং রণ বিজয়। চাঁদ মহম্মদের বাড়ি পাণ্ডুয়ার মহাদেবপুর কলবাজার এলাকায়। বাকি দু’জনের বাড়ি উত্তর ২৪ পরগনার ভাটপাড়া ও জগদ্দলে। সচিনের বয়স ৩৫ এবং রণের বয়স ৫৪।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ২টি ট্রলি ব্যাগে ছিল প্রায় ১২ কেজি গাঁজা। বাজারে যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকাও মিলেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিজার লিস্ট তৈরি করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা নতুন কৌশলে পাচার করছিল। টুরিস্ট সেজে তারা প্রথমে ট্রেনে তালান্ডু স্টেশনে নামে। সেখান থেকে জিটি রোড ধরে নাকসা মোড় থেকে ২০০ টাকা দিয়ে টোটো ভাড়া করে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিল। তাদের যাতে টুরিস্ট মনে হয়, সেজন্য ভালো পোশাক পরেছিল। তবে খন্যানের কাছেই পুলিশের জালে ধরা পড়ে যায় তারা।
শুক্রবার ধৃত তিন জনকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চুঁচুড়া আদালতে পাঠায় পাণ্ডুয়া থানার পুলিশ। আদালত দশ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই গাঁজা পাচারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে চায় পুলিশ।