
চন্দননগর: হাতে ধরে গাড়ি চালানো শিখিয়েছেন। গাড়ি পার্কিং কীভাবে করতে হয়, তা শেখাচ্ছিলেন। আর তা করতে গিয়েই শিক্ষানবীশ চালকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রশিক্ষকের। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরের শ্রীপল্লি এলাকায়। মৃত যুবকের নাম বুদ্ধদেব সরকার।
স্থানীয় সূত্রে খবর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শৈবাল সাহার গাড়ি চালাতেন স্থানীয় যুবক বুদ্ধদেব সরকার। তাঁর কাছে স্টিয়ারিং ধরে গাড়ি চালানো শিখছিলেন শৈবাল। অন্যান্য দিনের মতো এদিন সন্ধের পর গাড়িতে করে কাজ মিটিয়ে ফিরে আসেন দু’জনে। চন্দননগর সুপারস্টিচ প্লাজা নামে একটি আবাসনের তলায় পার্কিং করতে যান চার চাকা গাড়িটি। পার্কিংয়ের সময় গাড়ি চালাচ্ছিলেন শৈবাল। বাইরে দাঁড়িয়ে বুদ্ধদেব বুঝিয়ে দিচ্ছিলেন, কীভাবে পার্কিং করতে হয়। হঠাৎই বুদ্ধদেবকে সপাটে ধাক্কা মারে গাড়িটি। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন বুদ্ধদেব। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টোটোয় চাপিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিজনরা। ঘটনায় আটক করা হয়েছে শৈবাল সাহাকে। গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দননগর থানায়। শিক্ষানবীশের হাতে প্রশিক্ষকের এই রকম অনভিপ্রেত মৃত্যুতে হতবাক শ্রীপল্লীর বাসিন্দারা। ওই আবাসনের এক মহিলা বলেন, “আমাদের এই আবাসনে পার্কিংয়ের জায়গা কিনেছেন ওই ব্যক্তি। এদিন সন্ধে ৭টা নাগাদ গাড়ি নিয়ে এখানে আসেন। গাড়িটি পার্কিং করছিলেন মালিক। আর যিনি শেখাচ্ছিলেন, তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন। আচমকা, গাড়িটি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। আমাদের আবাসনে একজন ডাক্তার থাকেন। প্রথমে তিনি এসে দেখেন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” স্থানীয় এক ব্যবসায়ী জানান, শৈবালকে গাড়ি চালানো শিখিয়েছেন বুদ্ধদেব। আবাসনের তলায় গাড়ি রাখার জন্য একটি গ্যারাজ নিয়েছেন শৈবাল। সেই গ্যারাজে গাড়ি পার্কিং করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।