
রিষড়া: প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বাড়িতে সাত সকালে হাজির কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA)। তল্লাশি চালানোর পরই গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামী তথা কাউন্সিলর শাকির আলিকে (Shakir Ali)। রামনবমীর অশান্তির মামলায় তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার সকালে আচমকা এলাকায় পৌঁছে যায় এনআইএ। আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ান। রিষড়ার বাড়িটি চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয়। জানা যায়, ওই বাড়িতে থাকতেন অপরূপার স্বামী। তাঁকেই প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করে এনআইএ। বুধবার শাকির আলিকে আদালতে পেশ করা হবে।
পুরনো রামনবমীর মামলায় শাকির আলিকে গ্রেফতার করা হয়েছে। ২০২৩ সালে রামনবমীর মিছিল বেরোয়। সেই মামলায় অশান্তির অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে মোট ৬টি মামলা হয়। এর মধ্যে দুটি মামলা হয় রিষড়ায়। আগেই এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে যে তথ্য় তদন্তকারীদের হাতে আসে, তার ভিত্তিতেই শাকির আলিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বয়ানের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো খতিয়ে দেখেন আধিকারিকরা। ওইদিনের অশান্তি ও ভাঙচুরের ঘটনার পিছনে পরিকল্পনা ও উস্কানি কার ছিল, সেই তদন্ত করতে গিয়েই উঠে আসে কাউন্সিলর শাকির আলির নাম।
বিধায়ক সজল ঘোষ বলেন, “ওদের অনেক কুকীর্তি আছে। অনেক দুর্নীতির সঙ্গে ওদের নাম জড়িয়ে আছে। অনেক সাম্প্রদায়িক কাজকর্মের অভিযোগও রয়েছে।” অন্যদিকে, বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের দাবি, রামনবমীর অশান্তির ঘটনায় অপরূপা পোদ্দার তথা আফরিন আলি ও শাকির আলি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন, “আফরিন আলি পিছন থেকে আর শাকির আলি সামনে থেকে নেতৃত্ব দেন। এরতরফা আক্রমণ হয়েছিল সেদিন।”