
হাওড়া: সাতসকালে হাওড়ায় ট্রেন বিভ্রাট (Howrah Train Service)। অফিসটাইমে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ (Rail Service Disrupted) রয়েছে। রেল সূত্রে খবর, আজ সকালে ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে যায়। তার জেরেই রেল পরিষেবা ব্যাহত হয়েছে। অফিস টাইমে ট্রেন পরিষেবা থমকে যাওয়ায় ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, সকাল ৮টা ১৫ নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় একটি মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে যায়। তার জেরে হাওড়া-বর্ধমান শাখায় আপ লাইন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধু ডাউন লাইন দিয়ে ট্রেন চলছে। রেলে আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন তোলার কাজ শুরু হয়েছে। প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি।
লাইনচ্যুত ইঞ্জিন সরানোর কাজ শুরু করেছেন রেলের আধিকারিকরা। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ইঞ্জিন সরানো হয়ে গেলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে, রেল পরিষেবা ব্যাহত হওয়ায় অনেকেই সময়ে অফিসে যেতে পারেননি বা পৌঁছতে পারেননি। ফলে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন।
এদিকে, অগস্টের শুরুতেই হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে হাওড়া ডিভিশনে দুই দিন মোট ৮টি ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে,১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে।