Arup Roy: ‘আলোচনা চলছে’, দলবদলের ইঙ্গিত দিয়ে আইপ্যাক নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক অরূপ

Arup Roy on I-PAC: আইপ্যাককে নিশানা করে অরূপ রায় বলেন, "২০১১ সালে ক্ষমতায় এসেছি। তখন কিন্তু আইপ্যাক ছিল না। আমরা মিটিং, মিছিল এবং দলের পর্যালোচনা করতাম। পরে আইপ্যাকের অনুমতি ছাড়া মিটিং মিছিল কিছুই করা যেত না। এটা দলের প্রচণ্ড ক্ষতি করেছে। নির্বাচনে গণনার দিন যা ঘটল, তাতে কর্মীরা ঝাঁপাল না।"

Arup Roy: আলোচনা চলছে, দলবদলের ইঙ্গিত দিয়ে আইপ্যাক নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক অরূপ
তৃণমূল বিধায়ক অরূপ রায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 02, 2026 | 9:26 PM

হাওড়া: তিনিও বেসুরোদের দল। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। তবে কি দলবদল করছেন মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়? এদিন তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। একইসঙ্গে নিশানা করলেন তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাককে। বিধানসভা ভোটে বিপর্যয়ের জন্য আইপ্যাককে দায়ী করলেন।

কী বললেন অরূপ রায়?

এদিন কলকাতার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় দেখা যায়নি অরূপ রায়কে। মধ্য হাওড়ার বিধায়ক বললেন, “ডাক পাইনি। তাছাড়া আমি নিজেই যাইনি।” তাহলে কি দলবদলের ভাবনা রয়েছে? প্রশ্ন শুনেই মধ্য হাওড়ার বিধায়ক বললেন, “আলোচনা চলছে অনেকের সঙ্গে। এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেইনি।” তবে তিনি স্পষ্ট করে দেন, সব ধরনের দরজা খুলে রেখেছেন। তৃণমূলের বিক্ষুব্ধ ৫০ জন বিধায়কের মধ্য তিনিও রয়েছেন কি না, তা অবশ্য খোলসা করলেন না।

আইপ্যাককে নিশানা অরূপের-

তৃণমূলের নির্বাচনী বিপর্যয়ের জন্য সরাসরি আইপ্যাককে দায়ী করেন অরূপ রায়। তাঁর মতে, বাইরের এজেন্সিকে দিয়ে কোনও রাজনৈতিক দল চলতে পারে না। আইপ্যাককে প্যাকপ্যাক বলে কটাক্ষ করে তিনি বলেন, “এর আগেও আমাদের অনেকবার নির্বাচনে পরাজয় হয়েছে। কখনও ৩০টা আবার কখনও ৪০টা আসন পেয়েছি। এরপর লাগাতার আন্দোলনের মাধ্যমে ২০১১ সালে ক্ষমতায় এসেছি। তখন কিন্তু আইপ্যাক ছিল না। আমরা মিটিং, মিছিল এবং দলের পর্যালোচনা করতাম। পরে আইপ্যাকের অনুমতি ছাড়া মিটিং মিছিল কিছুই করা যেত না। এটা দলের প্রচণ্ড ক্ষতি করেছে। নির্বাচনে গণনার দিন যা ঘটল, তাতে কর্মীরা ঝাঁপাল না। আর এখন দলের ব্লক সভাপতি থেকে বিধায়ক পর্যন্ত সকলকে কোমরে দড়ি বেঁধে পুলিশ ঘোরাচ্ছে। অথচ দল তাদের পাশে নেই। এরকম ভয়ংকর পরিস্থিতি আগে দেখা যায়নি।” 

Follow Us