
কলকাতা: কলকাতার (Kolkata) পর এবার রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) দেবে ইসকন (ISKCON)। রাজ্যে পালাবদলের পর থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল ইসকনকে। এবার সেই পরিধি আরও বাড়ানো হচ্ছে। স্কুলশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন এলাকার স্কুলে নতুন করে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন, সেই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ ব্লকের একাধিক স্কুলে মিড-ডে মিল দেবে ইসকন। আবার পুরুলিয়া, হাওড়া, দমদম, বিধাননগর ও রাজারহাটের স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকন-কে। নবান্ন থেকে ছাড়পত্র আগেই দেওয়া হয়েছে। সেই মতো সংশ্লিষ্ট জেলাশাসকদের এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মিড ডে মিল বিতরণের দায়িত্ব ইসকনকে দেয় রাজ্য সরকার। কলকাতার স্কুলগুলিতে শুরু হয় পাইলট প্রজেক্ট। এরপর রাজ্যের অন্যান্য জেলার স্কুলগুলিতেও ইসকনকেই মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা মতো কাজ শুরু হয়ে গিয়েছে।
এদিকে, ইসকন নিরামিষ খাবার দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। প্রশ্ন ওঠে, খাবারের থালায় কি মিলবে যথেষ্ট প্রোটিন? সরব হয়েছিলেন বিরোধীরা। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মিড ডে মিলে দেওয়া হবে ডিম। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ইসকন সাত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে। তার বাইরে আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” অর্থাৎ রাজ্যের তরফে আলাদা করে ডিম দেওয়া হবে। প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি।