
জলপাইগুড়ি: কিছুতেই ঠান্ডা হচ্ছে না বাংলাদেশ। উত্তেজনা কমছে না সীমান্তেও। এরইমধ্যে ফের গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ বিএসএফের। এক বাংলাদেশি পাচারকারীকে গুলি করে মারল বিএসএফ। ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের কুকুর যান অঞ্চলের খালপাড়া বালাসন BOP -তে। পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার হয়েছে দু’টি গরু। সূত্রের খবর, বিএসএফের সঙ্গে গুলির লড়াইয়ে আরও বেশ কয়েকজন পাচারকারী আহতও হয়েছে।
বিএসএফ সূত্রে খবর খবর, যে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে তাঁর নাম আলামিন। দীর্ঘদিন থেকেই সে সীমান্ত এলাকায় এই কারবারা চালিয়ে আসছেন। গরুপাচারকারীদের সার্কিটে তাঁর বেশ ‘নাম-ডাকও’ ছিল। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে যে সমস্ত পাচারকারী গুলি খেয়ে জখম হয়েছে তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে জওয়ানরা। এলাকাতেই কোথাও তাঁরা গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু, তাঁরা যাতে পালাতে না পারে সে কারণে সীমান্ত সিল করে দিয়ে চলছে তল্লাশি। চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। প্রসঙ্গত, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমানা রয়েছে তাঁর সিংহভাগটাই রয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। হাসিনার দেশত্যাগ, বাংলাদেশে নতুন অন্তর্বতী সরকারের আগমণের পর থেকে সে দেশে পাল্লা দিয়ে যেমন বেড়েছে হিন্দু নিপীড়ন তেমনই সীমান্ত এলাকায় বেড়েছে পাচারকারীদের দৌরাত্ম্য। তবে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজর রাখছে বিএসএফ।