
ধূপগুড়ি: পারিবারিক বিবাদের জেরে গলার নলি কেটে খুনের চেষ্টা বৌদিকে। ধারাল অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দেওরকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত ঝাড়আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম সুকুমার রায়। তিনি তাঁর বৌদি বুলবুলির ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা। মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকেন তিনি। চিৎকার শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান।
পরিবার ও পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল। প্রতিবেশীরা বলছেন, এর আগেও মহিলার উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন অভিযুক্ত যুবক। আর এদিন মহিলাকে বাড়িতে একা পেয়ে ছুরি দিয়ে হামলা করেন বলে অভিযোগ।
ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।