Shanu Baksi land Scam: ‘ও নিজেও…’, টালির এক চালা বাড়িতে বসে BDO শানু বক্সীর মা মেয়ের সম্পর্কে বলতে গিয়ে কেঁদেই ফেললেন…

Falta BDO Shanu Baksi Controversy: অভিযোগ উঠছে, তিনি নাকি 'জমি হাঙর'! এবার মুখ খুললেন শানু বক্সির মা শঙ্করী। মেটেলির একটি টালির এক চালা বাড়িতে থাকেন শানু বক্সির মা। এদিন মেয়েকে নিয়ে প্রশ্ন করতেই চোখ ছলছল করে ওঠে তাঁর।

Shanu Baksi land Scam: ও নিজেও..., টালির এক চালা বাড়িতে বসে BDO শানু বক্সীর মা মেয়ের সম্পর্কে বলতে গিয়ে কেঁদেই ফেললেন...
শানু বক্সীর মাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 25, 2026 | 11:52 AM

মালবাজার: ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান! আর তাঁর সূত্র ধরেই উঠে আসে ফলতার বিডিও শানু বক্সির নাম। তাঁর বিরুদ্ধে একাধিক জমি দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠছে, তিনি নাকি ‘জমি হাঙর’! এবার মুখ খুললেন শানু বক্সির মা শঙ্করী। মেটেলির একটি টালির এক চালা বাড়িতে থাকেন শানু বক্সির মা। এদিন মেয়েকে নিয়ে প্রশ্ন করতেই চোখ ছলছল করে ওঠে তাঁর।

শানুর মা বললেন, “ওকে ফাঁসানো হচ্ছে।” ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সিকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। অভিযোগ, ফলতায় কর্মরত থাকাকালীন তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রভাবেই বিভিন্ন কাজ করেছেন। পাশাপাশি তৃণমূল নেতা জাহাঙ্গির খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি উঠেছে। এমনকf আগামী নির্বাচনে প্রশাসনিক স্তরে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

কান্নাভেজা গলায় তিনি বলেন, “আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে। এতজন বিডিও কাজ করেছেন, কাউকে নিয়ে তো এমন অভিযোগ ওঠেনি। ও নিজেও বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে।”

মেটেলির যে বাড়িতে বর্তমানে শানুর পরিবার থাকে, সেটি তাঁর বাবার তৈরি। বাড়ির সামনেই একটি ছোট মুদির দোকান চালিয়ে টিনের ছাউনি দেওয়া এক কামরার বাড়ি তৈরি করেছিলেন তিনি। ২০০৮ সালে বাবার মৃত্যুর পর পরিবারে আর্থিক সঙ্কটে নেমে আসে। পরিবারের দাবি, সেই কঠিন পরিস্থিতির মধ্যেই পড়াশোনা চালিয়ে যান শানু এবং পরে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হন।

তবে স্থানীয় স্তরে অভিযোগ উঠেছে, WBCS পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী তাঁর বিডিও পদ পাওয়ার কথা ছিল না। অভিযোগ, নম্বর বাড়িয়ে কোনওভাবে তিনি ওই পদ পান। যদিও এই অভিযোগের কোনও সরকারি প্রমাণ এখনও সামনে আসেনি। এরপর থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদপ্রাপ্তির প্রশ্নও উঠতে শুরু করে। ২০১৯ সালে ফলতা ব্লক থেকেই বিডিও হিসাবে তাঁর কর্মজীবন শুরু হয়।

মেয়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে শঙ্করী বক্সি বলেন,
“আমার মেয়ের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। ও অনেক কষ্ট করে বড় হয়েছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক।”

Follow Us