Liquor Shop Reopening: ‘আবার চারদিন বন্ধ, তাই বেশি করে কিনে রাখছি’, খুলতে না খুলতেই মদের দোকানে বিরাট লাইন

Dhupguri Liquor Shop Reopening: শুক্রবার দোকান খুললেও স্বস্তিতে নেই সুরা-প্রেমীরা। কারণ, আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে আবারও মদের দোকান বন্ধ হতে চলেছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Liquor Shop Reopening: ‘আবার চারদিন বন্ধ, তাই বেশি করে কিনে রাখছি’, খুলতে না খুলতেই মদের দোকানে বিরাট লাইন
দোকানে দোকানে লম্বা লাইনImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 24, 2026 | 3:40 PM

ধূপগুড়ি: টানা চার দিন পর অবশেষে স্বস্তি সুরপ্রেমীদের। ৯৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে ধূপগুড়ি শহরে খুলল মদের দোকান। আর দোকান খোলার সঙ্গে সঙ্গেই সুরা-প্রেমীদের উপচে পড়া ভিড় চোখে পড়ল শহরের বিভিন্ন প্রান্তে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লম্বা লাইন একের পর এক দোকানের সামনে। 

বিধানসভা নির্বাচনের প্রথম দফার আবহে প্রশাসনিক নির্দেশে গত কয়েকদিন সমস্ত মদের দোকান বন্ধ রাখা হয়েছিল। তা নিয়ে বিস্তর চাপানউতোরও হয় নাগরিক মহলে। টানা চার দিন দোকান বন্ধ থাকায় সুরা-প্রেমীরা যে বেশ সমস্যায় পড়েছিলেন, শুক্রবারের ভিড়ই তার প্রমাণ দিল। এদিন সকাল থেকেই শহরের দোকানগুলির সামনে কার্যত তিল ধারণের জায়গা ছিল না। কেউ আগেভাগে এসে লাইনে দাঁড়ান, আবার কেউ দোকান খোলার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন।

তবে শুক্রবার দোকান খুললেও স্বস্তিতে নেই সুরা-প্রেমীরা। কারণ, আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে আবারও মদের দোকান বন্ধ হতে চলেছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ, ফের টানা চার দিন দেখা যাবে একই ছবি। ফলে এদিন দোকান খুলতেই কার্যত হুড়োহুড়ি পড়ে যায় ক্রেতাদের মধ্যে।

লাইনে দাঁড়িয়েই এক ক্রেতা বলেন, “চারদিন দোকান বন্ধ থাকায় খুব অসুবিধা হয়েছিল। আজ দোকান খুলতেই চলে এসেছি। শুনলাম আবার ২৬ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে, তাই আগেভাগেই একটু বেশি করে কিনে রাখছি যাতে সমস্যায় না পড়তে হয়।”

Follow Us