
জলপাইগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে ডুয়ার্সের গয়েরকাটায় অভিযান চালিয়ে ‘অন ডিউটি আর্মি’ স্টিকার সাঁটা একটি ট্রলার আটক করেছে বানারহাট আবগারি দফতর। উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ‘অন ডিউটি আর্মি’ স্টিকার ব্যবহার করে অবৈধ মদ পাচারের সন্দেহে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ট্রলারটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে এবং চালক-সহ জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে, জাতীয় সড়কের চেকপোস্টে তল্লাশি এড়াতেই ‘অন ডিউটি আর্মি’ স্টিকার ব্যবহার করা হয়েছিল। মদ কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাচারের ছক ছিল, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং উদ্ধার হওয়া মদের বৈধ নথি আছে কিনা, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে ঠিক কী পরিমাণ মদ উদ্ধার হয়েছে, তার বাজারমূল্য কত এবং নথিপত্রের বৈধতা নিয়ে আবগারি দফতরের আধিকারিকরা কোনও মন্তব্য করেননি। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে কোনও উত্তর না দিয়েই এলাকা ছাড়েন তাঁরা। ঘটনার তদন্ত চলছে।