
জয়পাইগুড়ি: দাপুটে তৃণমূল নেতাই এখন ভেজা বেড়াল! রাজ্যের সমস্ত ব্লকের বিজেপি নেতাদের গুলি করে মারা হবে বলে একসময় নিদান দিয়েছিলেন হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস। ভাইরাল হয়ে যায় সেই বক্তব্য, আর এবার ক্যামেরার সামনে ক্ষমা চাইলেন তিনি। ওই মন্তব্যের জন্য বিজেপি নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইলেন তিনি।
গত জানুয়ারি মাসে আইপ্যাক কর্তার বাড়িতে যখন ইডি (ED) হানা দেয়, সেইসময় রাজ্য জুড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই সময় বিজেপি কর্মীদের বেছে বেছে গুলি করে মারার নিদান দিয়েছিলেন এই দাপুটে ভাইস চেয়ারম্যান। এই ঘটনায় বিজেপি কর্মীরা তাঁর বিরুদ্ধে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
ওই নেতা প্রকাশ্য়ে বলেছিলেন, “বিজেপিকে ধরে রাস্তায় গুলি করে মারতে হবে। পশ্চিমবঙ্গ থেকে দূর করে দিতে হবে।” এখন রাজ্যে পালাবদল হয়েছে। একইসঙ্গে তৃণমূল ভেঙে খানখান। আর ভোটের ফল বেরনোর পর থেকে অমিতাভ বিশ্বাসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাস ধরে পৌরসভাতেও অনুপস্থিত তিনি। বাড়ি থেকে বের হচ্ছেন না।
এবার TV9 বাংলার ক্যামেরা পৌঁছতে মুখ খুললেন তিনি। বলেন, দল হেরে গিয়েছে, তাই মনটা ভালো নেই। তবে ওই মন্তব্য প্রসঙ্গে ওই নেতা বলেন, “আমার করা মন্তব্যে বিজেপিকর্মীরা যদি আঘাত পেয়ে থাকে, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অন্যায় হয়েছে।” অপরদিকে এই বিষয়ে মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক বলেন, “এই বিষয়ে আমার আর বলার কিছু নেই। উনি যেমন মন্তব্য করেছিলেন, মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে।”