Jhargram: প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়িতে হানা দিতেই থ পুলিশ, থরে থরে সাজানো…

Jhargram Relief Scam: ঠিকাদার বিপ্লব গোস্বামী গোপনে নিজের বাড়িতে ফেরেন। তিনি যে এলাকায় এসেছেন, সেই খবর আগাম পৌঁছে যায় লালগড় থানার পুলিশের কাছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ কালবিলম্ব না করে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

Jhargram: প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়িতে হানা দিতেই থ পুলিশ, থরে থরে সাজানো...
সরকারি ত্রাণ চুরির অভিযোগে গ্রেফতার ঠিকাদার বিপ্লব গৌস্বামীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 24, 2026 | 1:17 PM

ঝাড়গ্রাম: সরকারি ত্রাণ চুরির অভিযোগ। পালাবদলের পর থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে ঝাড়গ্রামের লালগড়ে পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী বিরবাহা হাঁসদা ঘনিষ্ঠ ঠিকাদার বিপ্লব গোস্বামী। গতকাল গোপনে বাড়ি ফিরতেই তাঁকে গ্রেফতার করা হয়। এই নিয়ে সরব হয়েছে বিজেপি। দুর্নীতি ও তোলাবাজিতে যুক্ত কেউ ছাড়া পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।

রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন প্রান্তে সরকারি ত্রাণ চুরির অভিযোগ সামনে আসছে। তেমনই ঝাড়গ্রামের বিনপুর ১ ব্লকের লালগড় এলাকায় সরকারি ত্রাণ চুরির অভিযোগ ওঠে। ঘটনার সূত্রপাত নেপুরা ১০ নম্বর অঞ্চলের প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে। ত্রাণ সামগ্রী তছরুপের অভিযোগ নিয়ে তাঁকে জেরা করেই উঠে আসে মূল ষড়যন্ত্রকারীর নাম। প্রধানের বয়ানের উপর ভিত্তি করেই লালগড় থানার পুলিশ তল্লাশি অভিযান চালায় ঠিকাদার বিপ্লব গোস্বামীর বাড়িতে।

বিপ্লব গোস্বামীর বাড়িতে পুলিশ তল্লাশি চালাতেই বেরিয়ে আসে কারচুপি ও দুর্নীতির পাহাড়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। যার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ত্রিপল, শাড়ি ও পোশাক, হাঁড়ি, কড়াই-সহ অন্যান্য রান্নার সামগ্রী।

স্থানীয় সূত্রের দাবি, প্রাক্তন মন্ত্রী বিরবাহা হাঁসদার অত্যন্ত ঘনিষ্ঠ এই ঠিকাদার। প্রাক্তন মন্ত্রীর হাত মাথায় থাকার সুবাদেই এলাকায় একপ্রকার দুর্নীতির সাম্রাজ্য ও ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিলেন এই বিপ্লব। এলাকাজুড়ে দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বেনিয়মের নানা অভিযোগ উঠছিল। এই ঠিকাদার আবার তৃণমূলের ব্লক কমিটির সদস্যও ছিলেন। তাঁর বাড়িতেই বিধায়ক তহবিলের অ্যাম্বুলেন্স ছিল। রাজ্যে পালাবদলের পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গতকাল বিপ্লব গোপনে নিজের বাড়িতে ফেরেন। তিনি যে এলাকায় এসেছেন, সেই খবর আগাম পৌঁছে যায় লালগড় থানার পুলিশের কাছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ কালবিলম্ব না করে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া সরকারি ত্রাণ সামগ্রী কোথা থেকে এবং কীভাবে সেখানে এল, তার পেছনে আর কে কে জড়িয়ে রয়েছে, তা জানতে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এদিন ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নেও মুখ খোলেননি বিপ্লব।

কড়া বার্তা বিজেপির-

তৃণমূল জমানায় দুর্নীতি ও তোলাবাজি নিয়ে ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “ঝাড়গ্রাম জেলার যেকোনও নেতা হোক কিংবা যেকোনও প্রাক্তন মন্ত্রী হোক, যারা দুর্নীতি করেছে কেউ রেহাই পাবে না। সে যে গোস্বামী হোক, যে হাঁসদা হোক। যতই পাতালেও থাকে, গর্ত খুঁড়ে নিয়ে আসা হবে। সীমান্ত থাকলেও ধরে আনা হবে। সাংবিধানিক নিয়ম মেনে আদালতে তোলা হবে। সাজা দেওয়া হবে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা তোলাবাজ, কেউ ছাড়া পাবে না।”

Follow Us