
দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ: বৃহস্পতিবারের ঝড়বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় বজ্রাঘাতে মৃত্যু হল পাঁচ জনের। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন জনের। অন্যদিকে মুর্শিদাবাদেরও এক শিশু-সহ ২ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি থেকে ফসল বাঁচাতে মাঠে ভুট্টা ঢাকতে বাবা মায়ের সঙ্গে গিয়েছিলেন বছর এগারোর নাবালিকা মেয়ে। মাঠে ভুট্টা ঢাকতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল একই পরিবারের তিন জনের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বংশীহারী ব্লকের ২ নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বড়গ্রাম এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিশ্বনাথ সরকার (৩৮), স্ত্রী পুষ্প সরকার (৩০) এবং মেয়ে নন্দিতা সরকার (১১)।
নন্দিতা বড়গ্রামের নপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। মৃত তিনজনকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে। শুক্রবার দেহ তিনটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হবে।
অন্যদিকে, বজ্রাঘাতে প্রাণ গেল শিশু-সহ দুইজনের। মুর্শিদাবাদের সুতির ঘটনা। বৃহস্পতিবার আম কুড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মৃত শিশুর নাম আবুল কাশেম, বাড়ি সুতি থানার নয়াগ্রাম কুসুমগাছি এলাকায়। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুল রশিদ, যিনি সুতি থানার বৈষ্ণবডাঙ্গা এলাকার বাসিন্দা।