
মালদহ: মালদহের মোথাবাড়ি-কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের। আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার। এদিনই ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়।
বুধবার মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টানা কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান। বিডিও অফিস ঘেরাও করে জুডিশিয়াল অফিসার তথা বিচারকদের আটকে রাখার অভিযোগও ওঠে।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি বিক্ষোভরত মানুষের উপর চালিয়ে দেওয়া হয়, এতে একাধিক সাধারণ মানুষ গুরুতর আহত হন।
এরপরই রাতভর অভিযানে নামে পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। তবে, আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি দাবি করেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অন্য একটি গ্রামে জলসায় ছিলেন।
বর্তমানে মোথাবাড়ি-সহ কালিয়াচক এলাকায় উত্তেজনা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।