Murshidabad: তিরুপতিতে শোরুমের দেওয়াল কেটে ২০০ আইফোন চুরি, ফরাক্কাতে তল্লাশি চালাতেই ফাঁস হল সবটা

200 stolen iPhones recovered in Farakka: পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে চুরি করা মোবাইল ফোনগুলি ফরাক্কায় এনে সেগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে ফোনগুলি ফরাক্কায় আনা হয়েছিল এবং পাচারচক্রের পিছনে বড় কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Murshidabad: তিরুপতিতে শোরুমের দেওয়াল কেটে ২০০ আইফোন চুরি, ফরাক্কাতে তল্লাশি চালাতেই ফাঁস হল সবটা
উদ্ধার হওয়া আইফোনImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 14, 2026 | 7:07 PM

মুর্শিদাবাদ: অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে চুরি যাওয়া প্রায় ২০০টি আইফোন উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ ও অন্ধ্রপ্রদেশ পুলিশের যৌথ বাহিনী। চুরি হওয়া মোবাইল ফোনগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ফরাক্কায় আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া আইফোনগুলির আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ অগস্ট তিরুপতির একটি আইফোনের শোরুমে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, শোরুমের দেওয়াল কেটে ভিতরে ঢুকে বিপুল সংখ্যক আইফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরই তদন্তে নামে অন্ধ্রপ্রদেশ পুলিশ। তদন্তে চুরি যাওয়া মোবাইল ফোনগুলির গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের।

এরপর গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল ফরাক্কা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। চুরি হওয়া আইফোনগুলি ফরাক্কার নিউ ফরাক্কার লোহাপাট্টি এলাকায় রয়েছে বলে খবর পেয়ে দুই রাজ্যের পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে প্রায় ২০০টি চুরি যাওয়া আইফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ফরাক্কা ব্যারেজ আবাসনের বাসিন্দা মহম্মদ আসমাউল হক এবং ঝাড়খণ্ডের রাধানগরের বাসিন্দা নাসির উদ্দিন শেখ, টনিক শেখ ও আলাম শেখ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে চুরি করা মোবাইল ফোনগুলি ফরাক্কায় এনে সেগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে ফোনগুলি ফরাক্কায় আনা হয়েছিল এবং পাচারচক্রের পিছনে বড় কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার ধৃত চারজনকে আদালতে তোলা হয়। অন্ধ্রপ্রদেশ পুলিশ তাদের অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়ে তদন্তের জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানায়। পুরো ঘটনায় দুই রাজ্যের পুলিশের যৌথ তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া বিপুল সংখ্যক আইফোনকে কেন্দ্র করে ফরাক্কায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us