
মুর্শিদাবাদ: বাংলার ভোটে কার পাল্লা ভারী হল, তার হিসেব-নিকেশ শুরু হয়ে গিয়েছে মধ্যেই। বুথ ফেরত সমীক্ষায় যা উঠে আসছে, তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই এবার টানটান। সেই আবহেই কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী (Adhir Chowdhury) দাবি করলেন, বেশিরভাগ বিরোধী ভোটই গিয়েছে বিজেপির ঝুলিতে। বিরোধী হিসেবে রাজ্যে কংগ্রেস, সিপিএম থাকলেও বিজেপির প্রাপ্তি বেশি হয়েছে।
শেষ দফা ভোটের পর প্রাক্তন সাংসদ অধীর বলেন, “বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের কারণেই বিরোধী ভোট তো পড়বেই। সেই ভোটটা কোন দল সবথেকে বেশি পাবে, সেটাই এখন স্পষ্ট নয়। তবে বেশিরভাগ ভোট বিজেপি পেয়েছে, এটা স্পষ্ট মমতা ৪০টা ভোট পেলে বিরোধীরা ৬০টা ভোট পেয়েছে।”
তৃণমূলের দাবি, এই কংগ্রেসের জন্য বিজেপির এত বাড়াবাড়ি। দলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “যিনি নিজে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ান, যাঁদের অপদার্থতার কারণে বিজেপি ২০২৪ থেকে ক্ষমতায় এসে এভাবে নির্যাতন চালাচ্ছে, তাঁদের মুখে এই ধরনের কথা আসবে এটাই স্বাভাবিক। বাংলার মানুষ প্রাণ ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন।”
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ওঁর মনে হয়েছে, সেটাই বলেছেন। তৃণমূলকে মানুষ হারানোর অপেক্ষায় আছে। কিন্তু তারা কাদের ভোটটা দিচ্ছে, সেটাই প্রশ্ন। সবাই মিলে একসঙ্গে চললে মানুষ ভরসা করতে পারত, এটা কংগ্রেসেরও বোঝা উচিৎ। ওরা কেন হঠাৎ ২৯৪টা আসনে একা দাঁড়াতে চাইল?”