Humayun Kabir on UCC: ‘লুঙ্গি গুটিয়ে নেমে পড়বেন না’, অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হওয়ার আগে ‘ইসলামোফোবিয়া’ ঘোচানোর বার্তা হুমায়ুন কবীরের

Uniform Civil Code: অন্য সম্প্রদায় নিয়ে কেউ যাতে কোনও খারাপ বাক্য কিংবা উস্কানিমূলক কথা না বলেন, সেই বার্তাও দিয়েছেন তিনি। তিনি বলছেন, "নিজের কথা না ভাবলেও বাড়িতে থাকা সন্তানদের কথা, পরিবারের কথা ভেবে সমস্ত রকমের গন্ডগোল থেকে দূরে থাকুন।"

Humayun Kabir on UCC: লুঙ্গি গুটিয়ে নেমে পড়বেন না, অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হওয়ার আগে ইসলামোফোবিয়া ঘোচানোর বার্তা হুমায়ুন কবীরের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 26, 2026 | 2:10 PM

মুর্শিদাবাদ: আগামী সোমবার বিধানসভায় ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিল পেশ হওয়ার কথা। তার আগে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। দেশের আইন মেনে চলার বার্তা দিলেন তিনি। যাতে কেউ হিংসা না ছড়ায়, সেই আবেদন করেছেন তিনি। মৌলানা-মৌলভীদেরও হিংসাত্মক ভাষণ থেকে দূরে থাকার আবেদন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর লিখেছেন, “আমি সমস্ত মুসলমানদের অনুরোধ করব, দেশের আইন কঠোরভাবে মেনে চলতে হবে। ইসলামোফোবিয়ার কারণে পৃথিবী জুড়ে মুসলমানরা টার্গেট হয়ে যাচ্ছে। অন্য কারও উস্কানিতে লুঙ্গি বা পায়জামা গুটিয়ে লাফ মেরে রাস্তায় নেমে পড়ার হঠকারিতা থেকে দূরে থাকতে হবে।”

অন্য সম্প্রদায় নিয়ে কেউ যাতে কোনও খারাপ বাক্য কিংবা উস্কানিমূলক কথা না বলেন, সেই বার্তাও দিয়েছেন তিনি। তিনি বলছেন, “নিজের কথা না ভাবলেও বাড়িতে থাকা সন্তানদের কথা, পরিবারের কথা ভেবে সমস্ত রকমের গন্ডগোল থেকে দূরে থাকুন।” দেশের সব ধর্মের এবং সম্প্রদায়ের মানুষের অন্য ধর্মকে মর্যাদা দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন।

আগামী সোমবার বিশেষ অধিবেশন রাখা হয়েছে। ওই দিনই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। এমনটাই সূত্রের খবর। উত্তরাখণ্ড, গুজরাটে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। অসমে গত মে মাসেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে।

Follow Us