
মুর্শিদাবাদ: তৃণমূলের (TMC) সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। দল বিরোধী কাজের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। তারপরই নতুন করে নিজের দলগঠন করেন। এবার ভোট গণনার ঠিক দু’দিন আগেই বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের। তৃণমূলের সঙ্গে কি সন্ধি করবেন তিনি? সাংবাদিকের প্রশ্ন শুনেই স্পষ্ট জবাব দিলেন তিনি।
তৃণমূল যদি জোট করার জন্য ডাকে তাহলে কি হুমায়ুন যাবেন? উত্তরে তিনি বলেন, “ডাকার কোনও প্রশ্ন নেই। আমার কাছে আসতে হবে। এসে বলতে হবে যা করেছি ভুল করেছি। ক্ষমা করতে হবে। তারপর বুঝব। ও কে হরিদাস পাল, ও ডাকবে আর আমি চলে যাব? হুমায়ুন কবীর এত দুর্বল লোক আছে? ডাকবে আর চলে যাব? হাঁটু গেড়ে বলবে…মানুষের স্বার্থে যদি ভাবব তখন।”
তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, “জানি না মুর্শিদাবাদের তাপমাত্রা কত যাচ্ছে, প্রচণ্ড গরমে মস্তিষ্ক বিকৃতি হয় শুনেছি। একজন মানুষ কখনও বিজেপি, কখনও কংগ্রেস, কখনও তৃণমূল এই সব করে করে দলত্যাগ করেছে। বিজেপির সঙ্গে গোপন বৈঠকে হাজার কোটি টাকার লেনদেনের রফা করেছেন। যে দল তৈরি করেছে তার প্রার্থীরাই তৃণমূলে চলে গিয়েছে। তিনি জানেন ৪ মে-র পর রাজনৈতিক পরিচিতি বিপন্ন হয়ে যাবে। যার পরেও তিনি এই ধরনের কথা বলছেন বলে মনে হচ্ছে অসুস্থতার গন্ধ পাচ্ছি।”