
মুর্শিদাবাদ: বাংলাদেশে তাঁর স্বামী-সন্তান সবই রয়েছে। তাঁরা সবাই বাংলাদেশি। কিন্তু প্রেম কি আর কোনও বাধা মানে। সামাজিক মাধ্যমে পরিচয়, আর তার থেকে প্রেম। তার থেকে সেই সম্পর্ককে পরিণতি দেওয়ার চেষ্টা। প্রেমের টানে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসার চেষ্টা। আর সেই পথেই বিএসএফ ও রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার এক মহিলা। ধৃতের নাম মানজেরা বিবি। রবিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মানজেরা বিবির বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের নাড়ু খাকি চর এলাকায়। একদম ছোট বয়সেই বাংলাদেশের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয় বিয়ে করে বাংলাদেশেই সংসার শুরু করেন মানজেরা। তাঁদের তিন মেয়ে এবং একটি ছয় বছরের সন্তানও রয়েছে। বিয়ের পর দীর্ঘদিন বাংলাদেশেই স্বামীর সঙ্গে সংসার করছিলেন তিনি। সবকিছুই ওখানে রয়েছে তাঁর।
তবে অভিযোগ, বাংলাদেশে সংসার করার মাঝেই ফের সামাজিক মাধ্যমে মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে পরিণত হয়। এরপর ডালিম নামে ওই যুবকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এবং প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে ফেরার চেষ্টা করেন মানজেরা।
জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে ঢোকার সময় রঘুনাথগঞ্জের বাহুরা ঘাট এলাকায় তাঁকে আটক করে বিএসএফ। পরে বিষয়টি রঘুনাথগঞ্জ থানার পুলিশকে জানানো হয়। বিএসএফের হাতে আটক ওই মহিলাকে পরবর্তী সময়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ মানজেরা বিবিকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে তিনি বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত মহিলাকে রবিবার আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।