Madhyamik Examination: ‘অন্য স্কুলে হল ম্যানেজ হচ্ছে, আমাদের নয় কেন?’, অঙ্ক পরীক্ষায় টুকলি করতে না পেরে বিক্ষোভ মাধ্যমিক পরীক্ষার্থীদের

Madhyamik Examination: পরীক্ষার্থীদের বক্তব্য, একই স্কুলের একদল পরীক্ষার্থী অন্য পরীক্ষাকেন্দ্রে টুকলির সুযোগ পাচ্ছে। আর তারা পাচ্ছে না। এই নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় তারা।

Madhyamik Examination: অন্য স্কুলে হল ম্যানেজ হচ্ছে, আমাদের নয় কেন?, অঙ্ক পরীক্ষায় টুকলি করতে না পেরে বিক্ষোভ মাধ্যমিক পরীক্ষার্থীদের
মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা রঘুনাথগঞ্জে

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 15, 2025 | 9:49 PM

রঘুনাথগঞ্জ: একই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা। দুটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এই অবস্থায় একটি পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীরা অভিযোগ করল, অন্য পরীক্ষাকেন্দ্রে তাদের স্কুলের পরীক্ষার্থীরা টুকলি করার সুযোগ পাচ্ছে। কিন্তু, তারা সেই সুযোগ পাচ্ছে না। এই অভিযোগ তুলেই শনিবার অঙ্ক পরীক্ষার পর বিক্ষোভ দেখাল পরীক্ষার্থীরা। তাদের আরও অভিযোগ, বিক্ষোভের সময় বাইরে থেকে লোক এনে তাদের মারধর করা হয়েছে। এদিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে।

রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকায় বেসরকারি O২ পাবলিক স্কুলের সামনে এদিন বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। এই স্কুলের ১০১ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৮০ জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছে আহিরণ বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ও বাকি ২১ জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছে ধুলিয়ান কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ে।

পড়ুয়াদের অভিযোগ, বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা টুকলির সুযোগ পায়নি। কিন্তু, কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ে টুকলির সুযোগ পেয়েছে তাদেরই স্কুলের পরীক্ষার্থীরা। বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এদিন তারা পরীক্ষা শেষে O2 পাবলিক স্কুলের সামনে বিক্ষোভ দেখান। একই স্কুলের পরীক্ষার্থীরা কেন এক জায়গায় টুকলির সুযোগ পাবে, আর অন্য জায়গায় পাবে না, সেই প্রশ্ন তুলে তারা। বিক্ষোভরত এক পরীক্ষার্থী বলে, “আমরা একই স্কুলের ছাত্র। অথচ এক জায়গায় হল ম্যানেজ হচ্ছে। আর অন্য জায়গায় হচ্ছে না। বাঙ্গাবাড়ি স্কুলের পরীক্ষার্থীরা কোনও সুবিধাই পাচ্ছে না।”

বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, এই নিয়ে স্কুলের এক শিক্ষকের সঙ্গে কথা বলতে চেয়েছিল তারা। তখনই স্কুল কর্তৃপক্ষ বাইরে থেকে লোকজন এনে তাদের উপর হামলা চালায়। এতে চার পরীক্ষার্থী আহত হয়েছে। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

 

Follow Us