
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে রেলের স্টেশনে (Murshidabad Station) ভয়াবহ দুর্ঘটনা। স্টেশনের ছাউনির লোহার পাত ভেঙে জখম হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর আদালতে স্টেশনে ঘটনাটি ঘটে।
রেল সূত্রে খবর, ঘটনায় জখম বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। আহত হয়েছেন, ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন, ইজাজ আহমেদ। এছাড়াও লালগোলা থানা এলাকার বাসিন্দা আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনুর বিবি। জখমদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে এক নম্বর প্লাটফর্মে যাত্রীরা যখন বসেছিলেন, ওই সময় হঠাৎ ছাউনি উপর থেকে লোহার পাত ভেঙে পড়ে আট যাত্রীর উপরে। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসনে শিয়ালদহ ডিভিশনের এডিআর এম। সোমবার সন্ধ্যায় স্টেশন পরিদর্শনে আসেন তিনি।
এর আগে বর্ধমান স্টেশনে এমন দুর্ঘটনা ঘটেছিল। ২০২০ সালে ঝুল বারান্দা ভেঙে পড়েছিল। কয়েক দফায় ওই বারান্দা ও তার স্তম্ভগুলি ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছিলেন একাধিক। এরপর গত ১২ অক্টোবরের ২০২৫ সালে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তার জেরেই পদপিষ্টের ঘটনা ঘটে। সেই ঘটনায় বর্ধমান স্টেশনে যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ করেছিল রেল। এরপর মুর্শিদাবাদ রেল স্টেশনে এমন ঘটনা ঘটেছে।