
মুর্শিদাবাদ: অবসরের পরও রবিবার ছুটির দিনে স্কুলে হাজির প্রধান শিক্ষক। আর তাতেই ঘেরাও প্রধান শিক্ষক। গ্রামবাসীরা ঘিরে বিক্ষোভ দেখালেন। অভিযোগ, পুরনো দুর্নীতির ফাইল সরানোর চেষ্টা করছিলেন প্রধান শিক্ষক। অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের রামনগর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত প্রাক্তন প্রধান শিক্ষক-সহ চারজনকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে রামনগর উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকাশ মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালেহা খাতুন, পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের এক শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি। ছুটির দিনে হঠাৎ বিদ্যালয়ে তাঁদের উপস্থিতি নিয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। বিকালের দিকে তাঁরা বিদ্যালয় থেকে বাইরে বেরোনোর চেষ্টা করলে ক্ষুব্ধ এলাকাবাসীরা মূল গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভকারীদের জোরালো অভিযোগ, অবসরের পর পরিকল্পিতভাবে পুরনো দুর্নীতির ফাইল লোপাট করতেই রবিবার ছুটির দিনে স্কুলে প্রবেশ করেছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় শক্তিপুর থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এরপর প্রাক্তন প্রধান শিক্ষক প্রকাশ মণ্ডল, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালেহা খাতুন, প্রতিবেশী স্কুলের শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতিকে উদ্ধার করে শক্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে এবং পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক তাঁর স্কুলে আসার পক্ষে কোনও যুক্তি দেখাতে পারেননি।