Murshidabad: বাইকের টুলবক্সে লক্ষ লক্ষ টাকা রেখে ATM-এ ঢুকেছিলেন ব্যক্তি, কয়েক মিনিটেই যা হল…

Theft outside ATM: পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তির গতিবিধি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। একটি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাগে টাকা ভরার মুহূর্তে একটি টাকার বান্ডিল নিচে পড়ে যায়। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Murshidabad: বাইকের টুলবক্সে লক্ষ লক্ষ টাকা রেখে ATM-এ ঢুকেছিলেন ব্যক্তি, কয়েক মিনিটেই যা হল...
সিসিটিভি-তে ধরা পড়েছে অভিযুক্তের ছবি (ডানদিকে)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 28, 2026 | 9:21 PM

মুর্শিদাবাদ: মোটর বাইক বাইরে রেখে এটিএম-এ ভেতরে ঢুকেছিলেন। মাত্র কয়েক মিনিট। বাইরে বেরিয়ে মাথায় হাত পড়ে গেল এক ব্যক্তির। ওই কয়েক মিনিটেই তাঁর বাইকের টুলবক্সে রাখা ৬ লক্ষ টাকার বেশি গায়েব হয়ে গেল। কীভাবে টাকা ‘গায়েব’ হল, সেই খোঁজ করতে গিয়ে সামনে এল সবটা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল টাকা গায়েবের ছবি। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকল শহরের।

কী দেখা গেল সিসিটিভি-তে?

জলঙ্গির চুয়াপাড়া এলাকার বাসিন্দা মুস্তাক আহমেদ মঙ্গলবার বিকেলে ডোমকল শহরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে এটিএমে টাকা জমা দিতে এসেছিলেন। মোটরবাইকে করে ডোমকলে আসেন তিনি। ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য সঙ্গে করে ৬ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে এসেছিলেন। এটিএমে টাকা জমা দেওয়ার আগে তিনি বাইকের টুলবক্সে টাকার ব্যাগ রেখে ভেতরে প্রবেশ করেন। মুস্তাক এটিএমের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই এক মহিলা এটিএমের দরজার সামনে দাঁড়িয়ে পড়েন। ঠিক সেই সময় বাইরে থেকে এক ব্যক্তি বাইকের টুলবক্স খুলে টাকার ব্যাগ নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি খুব অল্প সময়ের মধ্যেই ঘটে যায়।

পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তির গতিবিধি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। একটি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাগে টাকা ভরার মুহূর্তে একটি টাকার বান্ডিল নিচে পড়ে যায়। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা চুরির তদন্ত শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। এটি পরিকল্পিত চুরি, নাকি ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

ডোমকলের মতো ব্যস্ত শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায়, এটিএমের সামনে এমন দুঃসাহসিক চুরির অভিযোগ সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে ডোমকল থানার পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us