
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত্যু হল দুই জনের। আহত হয়েছেন আরও তিনজন। রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো রবিবার বিকেলে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ঝড়-বৃষ্টি হয়। সন্ধে থেকেই মুর্শিদাবাদে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। সেইসময় গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন। কিন্তু, সেইসময়ই বাজ পড়ে মৃত্যু হয় দুই জনের।
বটতলাতেই বাজ পড়ে মৃত্যু
মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বরার গ্রামের ঘটনা। রবিবার বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বরার গ্রামে একটি গাছের নীচে আশ্রয় নেয় অনেকেই। সেইসময় ওই গাছের উপরই বাজ পড়ে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের মধ্যে একজন মহিলা বলে জানা গিয়েছে। মৃতেরা হলেন শরানন দাস ও সাবিত্রী ঘোষ। এর মধ্যে সাবিত্রীর বাড়ি হল বরার গ্রামে। শরাননের বাড়ি কল্যাণপুরে। আহত বাকি তিনজনের অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে।
কী বলছে মৃতের পরিবার
শরাননের মামা বলেন, “রাজমিস্ত্রীর কাজে বরার গিয়েছিল শরানন। কাজ থেকে কল্যাণপুর গ্রামে বাড়ি ফিরছিল। সাইকেলে করেই বাড়ি ফিরছিল। সেইসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। তখন বটতলায় গিয়ে আশ্রয় নেয়। সেইসময় বাজ পড়ে মৃত্যু হয় শরনানের।” অন্যদিকে, সাবিত্রীও কাজ থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। তিনিও ওই বটতলাতে আশ্রয় নিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনায় শোকের ছায়া এলাকায়।