
নদিয়া: ভোট কেন্দ্রের বাইরে শরবত বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির (BJP) অভিযোগ, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শরবত বিতরণ করছিল তৃণমূল (TMC)। একটি ট্রলি রিক্সায় তিনটি ড্রামে করে নিয়ে আসা হয় শরবত। বিজেপি কর্মীরা তেড়ে গেলে শরবতের গাড়ি ফেলে পালিয়ে যায় তাঁরা।
জানা যাচ্ছে, পরবর্তীতে বিজেপি কর্মীরা গিয়ে সেই শরবত নর্দমায় ফেলে দেন। যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। নদিয়ার নবদ্বীপ বিধানসভার ৫৩ নম্বর বুথের ঘটনা। বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচন কমিশনের বিধি-নিষেধ ভঙ্গ করে ভোটকেন্দ্রের ১০০ মিটারের ভেতরে ঢুকে বড় বড় জারের মধ্যে করে শরবত মজুত করে তৃণমূলের কর্মীরা।
এই শরবত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল তৃণমূল। তাই বিজেপি কর্মীরা বাধা দেয়। অন্যদিকে, বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ভোট কেন্দ্রের ১০০ মিটারের বাইরে মানুষের তৃষ্ণা মেটাতে শরবত বিলি করছিল তৃণমূল। বিজেপি ইচ্ছাকৃতভাবে তাদের শরবত ফেলে দেয়। স্বাভাবিকভাবেই বিধানসভার দ্বিতীয় দফা নির্বাচনের দিনে নবদ্বীপ বিধানসভায় শরবত বিলি করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।