
নদিয়া: অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারই নবান্ন থেকে প্রকাশিত হচ্ছে একটি ফর্ম। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে , সেই ফর্ম ফিল আপ করতে হবে সকলকে। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার প্রশাসনিক বৈঠকের পর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?
মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে ও লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করার কাজ শুরু হয়েছে। বুধবার বিকালে নবান্ন থেকে তিনি ও সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটি ফর্ম পাবলিশ করবেন। যে ফর্ম অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পূরণ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, “এই বিষয়ে কালকেই বিস্তারিত বলা হবে। এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন, তত দ্রুত বেনিফিট আমরা দিতে পারব। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিলাপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। ৩ হাজার টাকা না ট্রান্সফার হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে।”
পয়লা জুন থেকে মিলবে এই প্রকল্পের টাকা। যাঁরা যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যাঁদের নাম বাদ গিয়েছে, ভোটার লিস্ট থেকে তাঁদের ব্যাপারে যাচাই হবে। তবে যাঁরা ট্রাইবুনালে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই আপাতত টাকা পাবেন।
ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্কে DBT অর্থাৎ ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ অপশন লিঙ্ক করানোর জন্য মহিলারা ভিড় জমাচ্ছেন। তারমধ্যে বুধবার প্রকাশিত হচ্ছে আরও একটি নতুন ফর্ম। সেই ফর্মও পূরণ করতে হবে উপভোক্তাদের। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।