
নদিয়া: ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। এবার উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার তাহেরপুর থানার ফুলিয়া নিমতলা এলাকা। শুক্রবার সকাল থেকে সেখানে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ তুলেছে।
তৃণমূলের অভিযোগ, শুক্রবার সকালে তাদের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী রিপন দাস একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় আচমকা তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, ভোটের দিন থেকেই বিজেপি এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে এবং তাদের দলীয় কার্যালয় দখলের উদ্দেশ্যেই এই হামলা।
অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, তৃণমূল কর্মীরাই প্রথম অশান্তি শুরু করে। বিজেপির এক কর্মী এবং তাঁর ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। তাঁদের মতে, এলাকা দখল করে রাখতে বিজেপি কর্মীদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালাচ্ছে শাসকদল।
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহল চলছে। এখনও এলাকা থমথমে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।