
কাঁচরাপাড়া: দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়েছিল একটি ইংরেজি মাধ্যম স্কুল। হঠাৎই চর্চায় এখন সেই স্কুলটি। কারণ, সেখানে রাতভর চলল অভিযান। আর সেই অভিযানেই উদ্ধার কোটি কোটি টাকা। গোটা রাত তল্লাশি চালিয়ে সেই টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া ফোরম্যান কলোনির হারনেট ইংলিশ মাধ্যম স্কুলের। এত টাকা কোথা থেকে এল? উঠছে প্রশ্ন
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ অভিযান চালায় রাতভর। সেই তল্লাশিতেই ঘর থেকে বেরিয়ে আসে ১ কোটি ৭৭ লক্ষ টাকা। তিনটি মেশিন আনা হয় চাকা গোনার জন্য। এরপর ভোর পাঁচটা পর্যন্ত গণনা কাজ সম্পন্ন করার পর পুলিশ টাকা সহ এই স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করে বীজপুর থানার পুলিশ।
এত টাকা কীভাবে রাখা হল সদুত্তর দিতে পারেনি ক্যাশিয়ার। এলাকার বিধায়ক সুদীপ্ত দাস এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গাঙ্গোপাধ্যায় দাবি করেন এই টাকা কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারির। এই কমল অধিকারী হারনেট স্কুলের প্রেসিডেন্ট। তিনি এই টাকা এখানে রেখেছিলেন বলে দাবি এলাকাবাসীর। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় টাকা গণনার পর সেই টাকা নিয়ে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা বলেন,”কমল অধিকারীদের লুকোনো টাকা ছিল।” বিধায়ক সুদীপ্ত দাস বলেন, “শিক্ষাকে ওরা এইভাবে শেষ করে দিচ্ছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান নয়। প্রাইভেট এসি লাগানো। এটা কমল অধিকারীর ফূর্তির জায়গা ছিল। পার্থ ভৌমিকও আসতেন এখানে।” ওই বিকাশ চন্দ্র পাল বলেন, “এটা স্কুলে ছাত্রদের ভর্তির টাকা আর বই বিক্রি হয়েছিল টাকা গুলো অ্যাকাউন্টে জমার কথা। সেটা যায়নি তাই হল এমনটা”