BSF Jawans news: ট্রাকের ভিতর দু’টি সবুজ প্যাকেট, বাকিটা বুঝে গেল BSF

North 24 pargana: সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবর (রবিবার) রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফের একটি বিশেষ দল বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে প্রবেশকারী একটি খালি ট্রাককে আটক করে। তল্লাশির সময় ট্রাকের ভিতর থেকে দু'টি সবুজ রঙের প্যাকেট উদ্ধার হয়।

BSF Jawans news: ট্রাকের ভিতর দুটি সবুজ প্যাকেট, বাকিটা বুঝে গেল BSF
বড় সাফল্য বিএসএফ এরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 28, 2025 | 6:19 PM

পেট্রাপোল (উত্তর ২৪ পরগনা): ভারত–বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে (ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা। ঘটনায় এক ভারতীয় ট্রাকচালককে আটক করা হয়েছে।

সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবর (রবিবার) রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফের একটি বিশেষ দল বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে প্রবেশকারী একটি খালি ট্রাককে আটক করে। তল্লাশির সময় ট্রাকের ভিতর থেকে দু’টি সবুজ রঙের প্যাকেট উদ্ধার হয়। ওই প্যাকেট দু’টিতে মোট আটটি সোনার বার ও বিস্কুট (৬টি বার এবং ২টি বিস্কুট) পাওয়া গিয়েছে বলে খবর।

উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১,৯৭৪.৫৪০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার ০৭৩.৯০ টাকা বলে বিএসএফ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রাকচালক স্বীকার করেছে, যে সীমান্ত পারাপারের  বিনিময়ে মোটা অঙ্কের অর্থের প্রলোভনে সে এই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনতে রাজি হয়েছিল। উদ্ধার হওয়া সোনা, ট্রাক এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, “আমাদের জওয়ানরা সর্বদা সজাগ। সীমান্তে চোরাচালান রোধে বিএসএফের তৎপরতা অব্যাহত থাকবে। এই অভিযান আবারও প্রমাণ করল যে সীমান্তরক্ষীরা দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় কতটা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, “সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যদি সোনা চোরাচালান বা অন্য কোনও বেআইনি কার্যকলাপের খবর পান, তবে অবিলম্বে বিএসএফের ‘সীমা সাথী’ হেল্পলাইন নম্বর ১৪৪১৯-এ ফোন করতে পারেন বা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে হোয়াটসঅ্যাপ/ভয়েস বার্তা পাঠাতে পারেন।” তিনি আশ্বাস দিয়েছেন যে, বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারীদের যথাযথ পুরস্কৃত করা হবে এবং তাঁদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

Follow Us