
বর্ধমান: খেলার মাঠে গিয়েছিল স্কুল পড়ুয়া। কিন্তু মর্মান্তিক পরিণতি। বজ্রাঘাতে মৃত্যু হল তাঁর। ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় পূর্ব বর্ধমানের জামালপুর উত্তপ্ত। ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্কুলছাত্রের নাম অর্ঘ্য রুইদাস (১৩)। সে জামালপুর ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের বলরামপুর বাসিন্দা। স্থানীয় একটি বিদ্যালয়ে সে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল অর্ঘ্য। তখন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি শুরু হয়নি। খেলার মধ্যেই আচমকা বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্রতায় অর্ঘ্য এবং তার এক বন্ধু মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দু’জনকে উদ্ধার করে জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অর্ঘ্য রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন। অপর এক কিশোরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃতের আত্মীয় রাজেশ রুইদাস বলেন, “আজ আকাশ পরিষ্কারই ছিল। কোনও বৃষ্টি হয়নি। ওই বাচ্চাগুলো মাঠে ফুলবল খেলছিল। কোনও কারণ নেই হঠাৎ বাজ পড়ল। আর ওর উপরেই পড়েছে। দু’জন আহত হয়েছিল। তারপর এমন ঘটনা। ছেলেটার অনেক প্রতিভা ছিল। কী বলব…ছোট বয়সে চলে গেল।”