
আসানসোল: আসানসোল পুরনিগমে পুর পরিষেবা কার্যত শিকেয়। চারিদিকে চরম অচলাবস্থার অভিযোগ। এরই মধ্যে অমিল বোর্ড মিটিং ও সম্পত্তি কর মকুবের মতো একগুচ্ছ অনিয়মের অভিযোগে খোদ পুর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কড়া শো-কজ নোটিস এল। আর সেই চিঠি পেতেই তড়িঘড়ি কলকাতায় ছুটলেন মেয়র বিধান উপাধ্যায়। তবে চাঞ্চল্যকর বিষয় হল, কলকাতায় পৌঁছে তিনি কালীঘাটের শরণাপন্ন না হয়ে সোজা হাজির হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে। দুই অনুগামীকে নিয়ে ঋতব্রতর সঙ্গে মেয়রের সেই সাক্ষাতের ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা তীব্র হয়েছে।
ইতিমধ্যেই সঞ্জয় নোনিয়া, অশোক রুদ্রের মতো হেভিওয়েটসহ মোট ৬ জন কাউন্সিলর ইস্তফা দেওয়ায় আসানসোল পুরবোর্ডে ভাঙন স্পষ্ট। এই আবহে ঋতব্রতকে বিধানসভার নিরিখে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিয়ে মেয়রের মন্তব্য জল্পনার আগুনে ঘি ঢেলেছে। যদিও, মেয়র ৬ পাতার চিঠিতে সরকারের সমস্ত অভিযোগ অস্বীকার করে উলটে পুর কমিশনারের অসহযোগিতাকেই দায়ী করেছেন। দাবি করেছেন, যে তিনি দলেই আছেন।
তবে আসন্ন ২১ জুলাই তিনি কোন শিবিরে থাকবেন, সেই প্রশ্নের জবাবে বিধানবাবু কার্যত রহস্যময় বার্তা দিয়েছেন। তিনি বলেন, “যেখানে দলের কর্মীরা ও প্রতীক থাকবে, সেখানেই যাব।” বর্তমানে ঘাসফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তি তৈরি করেছে।