Asansol Murder: ভোটের মাঝেই আবাসনে ঢুকে পিটিয়ে খুন কংগ্রেসকর্মীকে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Congress Supporter Murder: আসানসোল দক্ষিণ পুলিশফাঁড়িতে দেহ রেখে চলছে বিক্ষোভ। কংগ্রেসকে ভোট দেওয়ার খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পুরো ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।

Asansol Murder: ভোটের মাঝেই আবাসনে ঢুকে পিটিয়ে খুন কংগ্রেসকর্মীকে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দেহ ফেলে রেখে চলছে বিক্ষোভ (ডানদিকে)/ রাতের ঘটনার সিসিটিভি ফুটেজ (বাঁদিকে)

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 25, 2026 | 3:19 PM

আসানসোল: প্রথম দফার ভোট মিটেছে শান্তিতে। ৯০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছেন। সেই ভোটের দু’দিন পর খুন! আবাসনে ঢুকে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোলে। মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, রাতে আবাসনে ঢুকে তাঁকে মারধর করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

ঘটনার একটি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আবাসনের গেটের কাছে দেবদীপকে মাটিতে ফেলে পেটাচ্ছে কয়েকজন ব্যক্তি। ঘটনাস্থলে এক মহিলার উপস্থিতিও দেখা যাচ্ছে। রীতিমতো মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে বলেও দেখা যাচ্ছে।

কে এই দেবদীপ চট্টোপাধ্যায়?

আসানসোলের সংশ্লিষ্ট আবাসনের সেক্রেটারি কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতণ্ডী। সেই আবাসনেই থাকতেন দেবদীপ। কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারেও অংশ নিয়েছিলেন। তাঁর খুনের ঘটনায় কংগ্রেস তৃণমূলের দিকে আঙুল তুলছে। কংগ্রেসের দাবি, তাঁদের সমর্থক বলেই খুন করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতণ্ডী জানিয়েছেন, শুক্রবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন দেবদীপ। রাস্তার মাঝে গাড়ি ঘোরাতে গিয়ে একদল যুবকের সঙ্গে বচসা শুরু হয়। তখন দেবদীপ তাঁর স্ত্রী ও সন্তানকে বলেন বাড়িতে ঢুকে যেতে। বচসা বাঁধলে দেবদীপ বলেন, আমি কিন্তু শঙ্কুদাকে (প্রসেনজিৎ পুইতণ্ডী) ডাকব। এটা শুনেই নাকি দেবদীপকে মাটিতে ফেলে মারধর করতে শুরু করে ওই যুবকরা।

থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দেবদীপের স্ত্রী। তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অনিমেষ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি আসানসোলের বাইরে আছেন, ঘটনা সম্পর্কে কিছু জানেন না।

Follow Us