West Burdwan: পঞ্চায়েতে ‘স্বামী-রাজ’! TMC প্রধানের স্বামীকে কলার ধরে টেনে বার করলেন ক্ষুব্ধ মহিলারা

TMC Pradhan Husband Proxy Rule: প্রধানকে ঘিরে এদিন মহিলারা বিক্ষোভ দেখান। তখনই প্রধানের স্বামীর কলার ধরে পঞ্চায়েত অফিস থেকে বাইরে বের করে আনেন মহিলারা। ​খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশ্বাস দেয়, পঞ্চায়েতের সরকারি কাজে প্রধানের স্বামীর হস্তক্ষেপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

West Burdwan: পঞ্চায়েতে ‘স্বামী-রাজ’! TMC প্রধানের স্বামীকে কলার ধরে টেনে বার করলেন ক্ষুব্ধ মহিলারা
কী বলছেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 04, 2026 | 7:44 PM

আসানসোল: স্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধি। অথচ গ্রাম পঞ্চায়েত অফিস চালাচ্ছেন স্বামী! এই ‘প্রক্সি’ প্রধানের বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতি ও ব্যাপক স্বজনপোষণের অভিযোগে সরব হলেন মহিলারা। তাঁদের বিক্ষোভে মঙ্গলবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের বারাবনির রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। দুর্নীতির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পঞ্চায়েতে চড়াও হন স্থানীয় মহিলারা। পঞ্চায়েত প্রধানের স্বামীর কলার চেপে ধরে অফিস থেকে বের করে দেন বিক্ষুব্ধ মহিলারা।

​অভিযোগ, রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পদে তৃণমূলের অপর্ণা দাস থাকলেও নেপথ্যে সমস্ত বেআইনি সিদ্ধান্ত নিচ্ছেন তাঁর স্বামী বিপিন দাস। এমনকি সরকারি খাস জমি বেআইনি হস্তান্তরের জন্য কোনও তদন্ত ছাড়াই পঞ্চায়েত থেকে নো-অবজেকশন সার্টিফিকেট দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। মহিলাদের দাবি, সঠিক তদন্ত হলে বিপুল আর্থিক তছরুপের সত্য সামনে আসবে।

প্রধানকে ঘিরে এদিন মহিলারা বিক্ষোভ দেখান। তখনই প্রধানের স্বামীর কলার ধরে পঞ্চায়েত অফিস থেকে বাইরে বের করে আনেন মহিলারা। ​খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশ্বাস দেয়, পঞ্চায়েতের সরকারি কাজে প্রধানের স্বামীর হস্তক্ষেপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এরপর প্রধানের স্বামীকে আর পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হবে না। এই আশ্বাসের পরই বিক্ষোভ ওঠে।

কী বলছেন প্রধান ও তাঁর স্বামী?

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধানের স্বামী বিপিন দাস। বলেন, “এখানে সবকিছু অনলাইন হয়। যা কিছু আমরা দিই, সব অনলাইনে দিই। আর যা দেবে প্রধান। আমি তো দেওয়ার কেউ নই। আমি প্রধানকে এখানে দিয়ে যাই। আসি। কাজ করি। চলে যাই।”

অন্যদিকে, প্রধান অপর্ণা দাস বলেন, “আমাকে পদত্যাগ করার কথা বলছে। আমি প্রতিদিন আসি না বলে অভিযোগ করছে। ত্রিপল দিচ্ছি না বলে অভিযোগ করছে। খাস জমি দেওয়া নিয়ে আমার স্বামী কীভাবে এনওসি দেবে? আমি তো প্রধান। আমাদের কর্মীও আছে। তবে সে আসে, এটা সত্যি কথা। কিন্তু, বাকি যেগুলো বলছে, সেগুলো ভুল।” তাঁর স্বামীকে কলার ধরে বাইরে বের করে নিয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, “আমার স্বামী বাইরে ছিল। তাকে ভিতরে ডেকে এনেছে। তারপর কলার ধরে বাইরে নিয়ে যায়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us