
মেদিনীপুর: আরও এক আলু চাষির মৃত্যু। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের ঝাড়ুল গ্রামের ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম হরিপদ বাগ (৩৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিপদ ভাগচাষি ছিলেন। অর্থাৎ অন্যের জমিতে চাষ করতেন তিনি। ভাগে প্রায় তিন বিষে আলু চাষ করেছিলেন তিনি। এবছর এমনিতেই আলুর দাম মিলছে না। তারপরে লাগাতার তিন দিন ধরে বৃষ্টি হয়েছে।
আলু মাঠ থেকে তুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। বাড়ির লোক ছাড়াও আশপাশের বন্ধুদের কাছে এই নিয়ে চিন্তার কথা জানিয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তিনি। রবিবার হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় তাঁর। পরিবারের সদস্যরা ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার জেরি ইতিমধ্যে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান চন্দ্রকোণা তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই। তিনি বলেন, “পরিবারের পাশে তারা আছে পরিবারকে সব ধরনের সাহায্য করা হবে।”
১ লা মার্চ থেকে সহায়ক মূল্যে আলু কেনার কথা থাকলেও আলু কেনার তোড়জোড় শুরু হয় দেরিতেই। অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে আলু কিনতে চাইছেন না ব্যবসায়ীরা। ফলে বর্তমানে আলুর দাম বস্তা প্রতি ২০০ থেকে ২২০ টাকার উপর উঠছে না। এক প্রকার বর্তমানে চাষিদের অবস্থা একেবারে নাজেহাল। ৪৭৫ টাকা প্রতি বস্তা (৫০ কেজি) দাম নির্ধারণ করেছে রাজ্য। বর্তমানে খোলা বাজারে আলুর দাম ১৫০ টাকা থেকে ২২০ টাকার মধ্যে ওঠা নামা করলেও, চাষিদের থেকে আলু কেনার ব্যপারে অনীহা আলু ব্যবসায়ীরাদের। ফলে মহা ফাঁপরে চাষিরা।